সারা দেশে ধরপাকড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের ধরপাকড় অব্যাহত রেখেছে পুলিশ। আজ ২৫ অক্টোবর সারা দেশে বিএনপি জোট নাশকতা সৃষ্টি করতে পারে—এমন আশঙ্কা থেকেই এই ধরপাকড় করা হচ্ছে বলে পুলিশ দাবি করেছে। গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার রাত আটটা পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে মোট ৯৬ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে বেশির ভাগই জামায়াত-শিবিরের নেতা-কর্মী।
বিএনপি অভিযোগ করেছে, পুলিশ বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশির নামে হয়রানি করছে। এতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন সাধারণ নেতা-কর্মীরা।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার পুলিশ বুধবার রাতে মাধবপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি কবির হোসেনকে তাঁর বাড়ি থেকে আটক করেছে। কুমিল্লা নগরসহ জেলার বিভিন্ন উপজেলায় আটক হয়েছেন আরও ২৫ জন। তাঁদের মধ্যে বিএনপির ১২ জন ও জামায়াতের ১৩ জন কর্মী রয়েছেন।
দিনাজপুরের বিভিন্ন উপজেলা থেকে ১৮ জনকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে জামায়াতের রয়েছেন ১৪ জন। গতকাল দুপুরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা ওলামা দলের সভাপতি মো. আতাউর রহমান আটক হয়েছেন। বাগেরহাট জেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ আজমল হোসাইন ও জেলা ছাত্রকল্যাণ সম্পাদক আরিফ বিল্লাহকে আটক করেছে পুলিশ।
গতকাল বগুড়া শহরের জামিলনগর এলাকায় শিবিরনিয়ন্ত্রিত একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে পুলিশ দেড় শতাধিক লাঠি উদ্ধার করেছে। পৃথক ঘটনায় আটক করেছে ইসলামী ছাত্রশিবিরের বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ শাখার সভাপতি জুয়েল সরকার, শিবির কর্মী ইউনুস আলী ও আহসানুল হককে।
সিলেট জেলা ছাত্রশিবিরের সভাপতি এস এম মনোয়ার হোসেনসহ সংগঠনের পাঁচ নেতা-কর্মী আটক হয়েছেন। বুধবার রাতে নগরের শাহজালাল উপশহর এলাকার একটি ফ্ল্যাট থেকে তাঁদের আটক করা হয়। বরিশাল নগরে আটক হয়েছেন জামায়াতের সাত কর্মী। বরিশাল মহানগর বিএনপির সভাপতি সাংসদ মজিবর রহমান সরোয়ার অভিযোগ করেছেন, পুলিশ বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশির নামে হয়রানি করছে। গৌরনদীতে আটক হয়েছেন বিএনপির তিন নেতা।
খুলনার পাইকগাছা থানার পুলিশ উপজেলার চাঁদখালীর ইউনিয়ন জামায়াতের কর্মী মো. লিয়াকত গাজীকে তাঁর বাড়ি থেকে আটক করেছে। সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার পুলিশ আটক করেছে বিএনপির তিন কর্মীকে। তাঁদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগ পাওয়া গেছে বলে পুলিশ দাবি করেছে।
নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম সরকার, বিএনপির কর্মী আপন আহমেদ, সুমন মিয়া ও মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. শাহজাদা আটক হয়েছেন। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা জামায়াতের আমির সলেমান গাজীকেও আটক করেছে পুলিশ।
রংপুরে গতকাল সন্ধ্যা সাতটার দিকে নগরের বিভিন্ন আবাসিক মেস থেকে অভিযান চালিয়ে ইসলামী ছাত্রশিবিরের ১২ কর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন আসাদুজ্জামান নুর (২০), মোকসেদ আলী (২১), রহমত আলী (২০), রুহুল আমীন (২১), ওবায়দুল ইসলাম (২৪), মতলুবুর রহমান (১৯), আশিকুর রহমান (২২), আবদুর রউফ (২০), ইসমাইল হোসেন (১৯), সাইমুম রাকিব (২১), রিয়াজুস সালাম (১৮) ও ইয়ামিন ইসলাম (২৪)।
খুলনার ফুলতলা থানার পুলিশ গতকাল সন্ধ্যা সাতটার দিকে ফুলতলা ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক জরদিস মোড়লকে গ্রেপ্তার করেছে। উপজেলার বেজেরডাঙ্গা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর কুমিল্লা ও সিরাজগঞ্জের নিজস্ব প্রতিবেদক, বরিশাল, দিনাজপুর, বগুড়া, সিলেট ও খুলনা অফিস এবং বাগেরহাট, গোপালগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা), কেন্দুয়া (নেত্রকোনা), গৌরনদী (বরিশাল) প্রতিনিধি]