সারা দেশে ধরপাকড়, আটক ৮৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ৮৪ ঘণ্টার হরতালকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার রাত থেকে আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত এসব অভিযানে বিএনপি ও জামায়াত-শিবিরের ৮৯ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে।

ঢাকার বাইরে সংশ্লিষ্ট স্থানের ‘প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও সংবাদদাতাদের পাঠানো খবর:

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদকসহ ২১ জন আটক হয়েছেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক ও জেলা কমিটির সভাপতি তৈমুর আলম খন্দকারের বাড়িতে পুলিশ তিন দফায় তল্লাশি চালিয়েছে। তবে এ সময় তিনি বাড়ি ছিলেন না। তৈমুর আলম জানান, গতকাল মধ্যরাতে সাদাপোশাকে পুলিশ প্রথমবার শহরের মাসদাইরে তাঁর বাড়িতে অভিযান চালায়। পরে আজ সকালে পোশাক পরিহিত অবস্থায় দ্বিতীয়বার অভিযান চালায়। কাউকে না পেয়ে বাড়ির নিরাপত্তা প্রহরীদের জিজ্ঞাসাবাদ করে চলে যায়। দুপুরে রূপগঞ্জের রূপসী গ্রামের বাড়িতে আরেক দফা অভিযান চালানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এস এম আশরাফুজ্জামান বলেন, নাশকতার আশঙ্কায় ২১ জনকে আটক করা হয়েছে।

বরিশাল

বরিশালে ১৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, নাশকতার আশঙ্কায় ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। বরিশাল মহানগর বিএনপির সভাপতি ও সাংসদ মজিবর রহমান সরোয়ারের ঢাকার গুলশানের বাসভবন এবং বরিশালে মহানগর জামায়াতের আমির মোয়াজ্জেম হোসেনের বাস ভবনে পুলিশ অভিযান চালায়। তবে এ সময় তাঁরা বাসায় ছিলেন না। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমানও রয়েছেন। নতুন করে পুলিশের ধরপাকড় শুরু হওয়ায় বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

চট্টগ্রাম

চট্টগ্রামের মিরসরাইয়ে বারইয়ারহাট পৌর যুবদলের আহ্বায়ক মীর মো. জহির উদ্দিনসহ যুবদল ও শিবিরের ছয় নেতা-কর্মীকে আটক করা হয়েছে। বারইয়ারহাটের হাওয়া ভবন থেকে এঁদের আটক করা হয়। জোরারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

চাঁদপুর

চাঁদপুরে বিএনপির ১০ নেতা-কর্মী আটক হয়েছেন। চাঁদপুর সদরে দুজন, ফরিদগঞ্জে তিনজন, হাইমচরে দুজন, মতলব দক্ষিণে দুজন ও হাজীগঞ্জে একজনকে আটক করা হয়। পুলিশ সুপার আমির জাফর জানান, হরতালে নাশকতাসহ বিভিন্ন অপরাধে বিএনপির চার-পাঁচ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা রয়েছে। তাঁদের আটক করতেই পুলিশ বিশেষ অভিযান চালাচ্ছে।

যশোর

যশোর শহর বিএনপির সহসভাপতি আবদুর রবসহ বিএনপি ও জামায়াতের ১৪ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। নেতা-কর্মীদের আটক করে হয়রানির প্রতিবাদে সকালে শহরের দড়াটানা মোড়ে মানববন্ধন হয়।

নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার দীঘলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ বিএনপি-জামায়াতের পাঁচ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আজ ভোরে তাঁদের আটক করা হয়।

মাগুরা

মাগুরার শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি জোয়ার্দার আশরাফুল আলম, বিএনপির ‘নিখোঁজ’ নেতা ইলিয়াস আলীর শ্যালক ও মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আনজুম হাসান এবং জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি আরিফুজ্জামানকে আটক করেছে পুলিশ।

কুষ্টিয়া

কুষ্টিয়ায় বিএনপির ১২ নেতা-কর্মী আটক হয়েছেন। তাঁদের মধ্যে কুষ্টিয়া সদর থেকে দুজন, কুমারখালীতে দুজন, দৌলতপুরে একজন, মিরপুরে চারজন, ভেড়ামারায় একজন ও খোকসা থেকে দুজনকে আটক করা হয়। পুলিশ সুপার মফিজ উদ্দীন আহমেঞ্চদ বলেন, হরতালে নাশকতার পরিকল্পনার অভিযোগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁদের আটক করা হয়েছে।

সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে জেলা বিএনপির সহসভাপতি মকবুল হোসেন চৌধুরী, ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবদুল কাদের এবং সলঙ্গা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফকে গতকাল রাতে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।