সারা দেশে নারীর প্রতি অশালীন আচরণ না করার শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা কথায় ও কাজে এমন কোনো আচরণ করব না, যা নারীর জন্য গ্লানি বা অস্বস্তির কারণ হতে পারে। চলার পথে, শিক্ষাঙ্গনে, কর্মক্ষেত্রে ছাত্রী ও নারীর প্রতি অশালীন ও মর্যাদাহানিকর কোনো আচরণ করতে দেখলে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলব।’ কয়েক শ শিক্ষার্থীর শপথ এটি। গতকাল রোববার পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে আয়োজিত ইভ টিজিংবিরোধী এক সমাবেশে শিক্ষার্থীরা এ শপথ নেন।সারা দেশে গতকাল জাতীয় শিক্ষা দিবস-২০১০ পালিত হয়েছে। এ উপলক্ষে প্রশাসন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে ইভ টিজিংবিরোধী শপথ গ্রহণ, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলা ও উপজেলা প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন।দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘বখাটে সন্ত্রাসীদের প্রতিরোধ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা।’ দিবসটি পালন উপলক্ষে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান। ভোলায় আলোচনা সভায় বক্তারা বলেন, ইভ টিজিংয়ের কারণে জেলায় ৮০ শতাংশ মেয়ের বাল্যবিবাহ হয়ে যাচ্ছে। এই ইভ টিজারদের পুলিশের হাত থেকে বাঁচাতে রাজনীতিবিদেরাই তদবির করছেন। প্রধান অতিথির বক্তব্যে ভোলার জেলা প্রশাসক ইভ টিজিং বন্ধে প্রতিটি স্কুলে কমিটি গঠন, অভিযোগ বাক্স স্থাপনসহ সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।ঠাকুরগাঁওয়েও গতকাল বাড়তি সংযোজন ছিল মাদকবিরোধী গণসচেতনা সৃষ্টি। এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেন, সারা দেশে সম্প্রতি স্কুল-কলেজ-পাড়া-মহল্লার মোড়ে মোড়ে বখাটে যুবকদের আড্ডা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। ইভ টিজিংয়ের কারণে অনেক মেয়ে আত্মহননের পথ বেছে নিচ্ছে। সভা শুরুর আগে পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন স্কুল-কলেজে পড়ুয়া ছাত্রদের ইভ টিজিং থেকে বিরত থাকতে শপথবাক্য পাঠ করান।ফরিদপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তিন হাজার শিক্ষার্থী শপথ নেয়। সকাল সাড়ে নয়টায় শহরের জসীমউদ্দীন হল প্রাঙ্গণে ফরিদপুরের জেলা প্রশাসক শিক্ষা দিবসের শপথবাক্য পাঠ করান। ফেনী শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যানার নিয়ে ট্রাংক রোডের শহীদ মিনার চত্বরে সমবেত হয়। সেখান থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়।রংপুর শহরে শিক্ষক-শিক্ষার্থীরা ইভ টিজিংবিরোধী শোভাযাত্রা ও সামাবেশের পাশাপাশি মানববন্ধনও করেছে। দিনাজপুরের বিরামপুরবাসী যেকোনো মূল্যে ইভ টিজিং প্রতিরোধ করার শপথ নিয়েছে। সকালে বিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সভা শেষে বিরামপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা ইভ টিজিংয়ের কুফল সম্পর্কে ‘বোরকা পরা মেয়ে’ নামে একটি নাটিকা উপস্থাপন করেন। পরে এক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।এ ছাড়া জয়পুরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও ও ঝালকাঠি জেলায় ইভ টিজিংবিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে।