সারা দেশে নিরাপত্তা জোরদার করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সব বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি ঈদ ও ঈদ-পরবর্তী সময়ে যেসব ঘটনা ঘটেছে তার কারণ উদ্ঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে সমন্বয় করে কাজ করতে বলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন সংস্থার প্রধানদের নিয়ে অনুষ্ঠিত কোর কমিটির জরুরি বৈঠকে এসব নির্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক, বিজিবির মহাপরিচালকসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানেরা উপস্থিত ছিলেন।
জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রথম আলোকে বলেন, ‘চলমান পরিস্থিতি, নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় করণীয় নিয়ে আলোচনা করেছি।’
বৈঠক সূত্রে জানা গেছে, অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সফর স্থগিত এবং বিদেশি নাগরিক হত্যার বিষয়টি আলোচনায় প্রাধান্য পায়। এ হত্যার ঘটনা আকস্মিক নাকি পরিকল্পিত, আরও এ ধরনের ঘটনা ঘটার আশঙ্কা আছে কি না, তা খতিয়ে দেখতে বলা হয়।
বৈঠকে প্রতিটি ঘটনার তদন্ত করে দ্রুত বিচার করার ব্যাপারে সিদ্ধান্ত হয়। এ ছাড়া শুধু দেশের কূটনৈতিক এলাকা নয়, সারা দেশের নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়।