সারা দেশে নয়জন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে দুই ব্যক্তিসহ গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে মাদ্রাসাশিক্ষক, ব্যবসায়ীসহ নয়জন খুন হয়েছেন। প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:বগুড়া: বগুড়া শহরের চকলোকমান এলাকার সোলেমান আলীর ছেলে মান্নানকে গতকাল বিকেল সাড়ে চারটার দিকে কয়েকজন সন্ত্রাসী ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এর আগে গত বুধবার রাত নয়টার দিকে শহরতলি ছোট কুমিরা মধ্যপাড়া গ্রামের আবদুর রহমানকে (৩৬) ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা। হাসপাতালে ভর্তির পর তিনি মারা যান।ময়মনসিংহ: পুলিশ ও এলাকাবাসী জানায়, টাঙ্গাইলের সখীপুরের কাজীপাড়া আলিম মাদ্রাসার শিক্ষক শামসুল ইসলাম কয়েক দিন আগে ছুটি নিয়ে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বাঁশিয়া গ্রামে নিজ বাড়িতে আসেন। বুধবার রাতে ১০-১২ জনের সশস্ত্র ডাকাতদল তাঁর বাড়িতে হানা দিয়ে স্বর্ণালংকার ও টাকা লুট করে। এ সময় ডাকাতদের অস্ত্রের আঘাতে শামসুল গুরুতর আহত হন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তিনি মারা যান।ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): উপজেলার রাউলের চর গ্রাম থেকে গতকাল সকালে মো. শামীম মিয়া (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়। তিনি উপজেলার দত্তগ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. কামরুল ইসলাম জানান, শামীমের গলায় গামছা পেঁচানো এবং বুকে ধারালো অস্ত্রের আঘাত ছিল।মাগুরা: মাগুরা সদর থানার উপপরিদর্শক মিজানুর রহমান জানান, পাঁচ দিন আগে মাগুরা শহর থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়ে নিখোঁজ হন পাড়নান্দুয়ালি এলাকার কাপড় ব্যবসায়ী শরীফ বাছেদুর রহমান (২৮)। পরে পুলিশ ওই ব্যবসায়ীর মুঠোফোনের সূত্র ধরে তাঁর বন্ধু শ্রীপুরের রাধানগর গ্রামের যুবক সাজিদ হোসেনকে আটক করে। সাজিদ পুলিশের কাছে বাছেদের লাশের সন্ধান দেন। গতকাল বিকেলে শ্রীপুর উপজেলার গড়াই নদের চর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। বাগেরহাট: চিতলমারী থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, উপজেলার মধুমতী নদীর কুলিয়ারচরের খাসজমি নিয়ে স্থানীয় কলাতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ ফরিদের সঙ্গে স্থানীয় মহসিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বুধবার সকালে শেখ ফরিদের লোকজন ওই চরে ধান কাটতে যায়। প্রতিপক্ষের অভিযোগ পেয়ে এই বিরোধের মীমাংসা না হওয়া পর্যন্ত ওই ধান নিজেদের হেফাজতে নেয় চিতলমারী থানার পুলিশ। পরে বিকেলে মহসিনের সমর্থক আলম শেখকে (৪৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।কিশোরগঞ্জ: পারিবারিক সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে বাজিতপুর শহরের দড়িঘাগটিয়া এলাকার নাজনু মিয়ার (৪০) সঙ্গে প্রতিবেশী সাবেক পৌর কাউন্সিলর নজরুল ইসলামের মামলা চলছে। মামলার আসামি নাজনু গ্রেপ্তার এড়াতে বাড়িছাড়া ছিলেন। গতকাল সকালে নজরুলের বাড়ির পাশ থেকে তাঁর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।নিহতের স্ত্রী আনু বেগম অভিযোগ করেন, নজরুলের লোকজনই তাঁর স্বামীকে খুন করেছে। গতকাল তিনি নজরুল ইসলাম ও তাঁর ভাই আঙ্গুর মিয়াকে আসামি করে হত্যা মামলা করেছেন।সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ব্রাহ্মণশাসন গ্রামে গত বুধবার রাতে প্রতিপক্ষের লোকজনের দায়ের কোপে মিন্টু মিয়া (৩৮) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, জমি নিয়ে মিন্টু মিয়ার সঙ্গে তাঁর চাচাতো ভাইদের মামলা চলছে। বুধবার সন্ধ্যায় পাশের নূরপুর গ্রামে এ নিয়ে সালিস বসে। সালিসে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে রাতে গ্রামে ফেরার পথে চাচাতো ভাই কামাল, সাচ্চু,আবদুল কাদেরসহ সাত-আটজন মিলে মিন্টুকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেন।মহেশখালী (কক্সবাজার): প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মুঠোফোন কেনার জন্য টাকা না দেওয়ায় উপজেলার ঘটিভাঙ্গা এলাকার ছেনোয়ারা বেগমকে (৫৫) গত বুধবার লাঠি দিয়ে আঘাত করেন তাঁর মানষিক ভারসাম্যহীন ছেলে মোজাম্মেল হক (৩২)। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। মোজাম্মেল হককে গ্রেপ্তার করা হয়েছে। সরিষাবাড়ী (জামালপুর): উপজেলার গেন্দারপাড়া এলাকার সরিষাবাড়ী-তারাকান্দি সড়কের পাশের খাদে এক নবজাতকের লাশ পড়ে ছিল। গতকাল দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে।