সারা দেশে পেট্রলপাম্পে ধর্মঘট পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি তেল বিক্রির কমিশন দুই শতাংশ থেকে বাড়িয়ে সাত শতাংশে উন্নীত করা, পেট্রলপাম্পে ডাকাতি বন্ধে ব্যবস্থা নেওয়া ও ট্যাংকলরিতে তেল বহনকালে পুলিশের হয়রানি বন্ধসহ ১৩ দফা দাবিতে গতকাল রোববার সারা দেশের পেট্রলপাম্পে আধাবেলা ধর্মঘট পালিত হয়েছে। এ কারণে দুপুর ১২টা পর্যন্ত দেশের অধিকাংশ পাম্প বন্ধ ছিল। বাংলাদেশ পেট্রল পাম্প ও ট্যাংকলরি মালিক এবং শ্রমিক-কর্মচারী ঐক্য কাউন্সিলের গত ২৮ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে সরকারকে দাবি পূরণের জন্য দুই সপ্তাহ সময় দিয়ে এ কর্মসূচি ঘোষণা করে। ১৩ দফার অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে: জ্বালানি তেলে ভেজাল মেশানো বন্ধে ডিপোতে টেস্টিং ল্যাবরেটরি স্থাপন, পাম্পে ডাকাতি বন্ধে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া, পেট্রলপাম্প খাতের জন্য নীতিমালা করা, ট্যাংকলরির ভাড়া বাড়ানো প্রভৃতি। আজ সোমবার কাউন্সিলের নেতারা পরবর্তী কর্মসূচি নির্ধারণের জন্য বৈঠকে বসবেন বলে জানা গেছে। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, দাবি মানা না হলে আগামী মাসে (এপ্রিল) তাঁরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যেতে পারেন।সিরাজগঞ্জ থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জানান, গতকাল সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলার বাঘাবাড়ীতে অবস্থিত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ডিপো থেকে সব ধরনের জ্বালানি তেল সরবরাহ বন্ধ ছিল। একই সঙ্গে জেলার সব পেট্রলপাম্প (মোট ১৬টি) বন্ধ রাখা হয়।উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ জানান, তাঁদের দাবি মানা না হলে আগামী ১০ এপ্রিল থেকে লাগাতার ধর্মঘটের ডাক দেওয়া হবে। ভৈরব থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জানান, ধর্মঘটের কারণে পদ্মা, মেঘনা ও যমুনার স্থানীয় ডিপোগুলো থেকে জ্বালানি তেল সরবরাহ বন্ধ ছিল। ফলে বিভিন্ন জেলা থেকে তেল নিতে আসা প্রায় ২০০ ট্যাংকলরি ধর্মঘট চলাকালে তেল পায়নি।বেলা ১১টার দিকে ধর্মঘটের সমর্থনে স্থানীয় ট্যাংকলরি মালিক ও শ্রমিক নেতারা মিছিল বের করেন। পরে ডিপো ঘাটে ট্যাংকলরি মালিক সমিতির সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে সমাবেশ হয়। প্রথম আলোর বরিশাল অফিস জানায়, বরিশালসহ দক্ষিণাঞ্চলে ওই ধর্মঘট পালিত হয়নি। দক্ষিণাঞ্চল পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন ধর্মঘট সমর্থন করলেও পেট্রল পাম্প মালিক সমিতি ধর্মঘটে অংশ নিচ্ছে না। ফলে নগরের সব পেট্রলপাম্পে গতকাল স্বাভাবিক বেচাকেনা হয়েছে।সংবাদমাধ্যমে ধর্মঘটের ঘোষণা শুনে গত শনিবার সন্ধ্যায় দক্ষিণাঞ্চল পেট্রল পাম্প মালিক সমিতি জরুরি সভায় বসে। আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সভাপতি মাহমুদ গোলাম ছালেক। সভায় সর্বসম্মতিক্রমে ধর্মঘটে অংশ না নেওয়ার সিদ্ধান্ত হয়।এ ব্যাপারে মাহমুদ গোলাম ছালেক প্রথম আলোকে বলেন, পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন তাঁদের সঙ্গে আলোচনা ছাড়াই ধর্মঘটের ডাক দিয়েছে। তাই বরিশাল নগরের ১২টিসহ দক্ষিণাঞ্চলের মোট ৫০টি পেট্রলপাম্প ধর্মঘটে অংশ নিচ্ছে না।