সারা দেশে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে গতকাল বুধবার বঙ্গবন্ধুর ৯১তম জন্মদিন উদ্যাপিত হয়েছে। দিনটি জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হয়। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিশু মেলাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:বগুড়া: সকাল নয়টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বটতলায় শিশু সমাবেশ, শোভাযাত্রা ও টিটু মিলনায়তনে আলোচনা সভা হয়। বেলা ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিকেলে শহীদ খোকন পার্কে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।নোয়াখালী: সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। এরপর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মিজানুর রহমান। ফরিদপুর: সকাল সাতটায় শহরের অম্বিকা ময়দানে স্থাপিত অস্থায়ী মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ ও আওয়ামী লীগের নেতারা। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। সকাল সাড়ে নয়টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। পাবনা: সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। এ ছাড়া পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা ড্রামা সার্কেল, শিশু একাডেমী, শিল্পকলা একাডেমী, পাবনা সিটি কলেজ, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।পঞ্চগড়: সকালে পঞ্চগড় সরকারি মিলনায়তন চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক ঘুরে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে মুক্তিযোদ্ধা আবদুল কাদেরের সভাপতিত্বে আলোচনা সভা হয়।গোয়ালন্দ (রাজবাড়ী): জেলা প্রশাসনের উদ্যোগে সকাল নয়টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে সংসদ সদস্য কাজী কেরামত আলীর নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়। সিরাজগঞ্জ: সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এ ছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে সকালে কালেক্টরেট ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়।ঠাকুরগাঁও: সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা বের হয়। পরে জেলা পরিষদ মিলনায়তন চত্বরে উপজেলা চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুনশী শাহাবুদ্দীন আহমেদ। নড়াইল: জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সকালে একটি শোভাযাত্রা বের হয়ে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। সেখানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক হাওলাদার মো. রকিবুল বারী। ঝালকাঠি: সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়। পরে ঝালকাঠি শিশু একাডেমীতে শিশু সমাবেশ হয়। দিনাজপুর: সকাল সাড়ে আটটায় দিনাজপুর লোকভবন প্রাঙ্গণে জেলা প্রশাসক আবদুল জলিল, আওয়ামী লীগের নেতারা ও বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা কেক কাটেন। সকাল নয়টায় অধিকাংশ শহরে শোভাযাত্রা বের হয়।