সারা দেশে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে গতকাল বৃহস্পতিবার ১৭ মার্চ বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন করা হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল, ‘বঙ্গবন্ধুর স্বপ্নদেশ, দিনবদলের বাংলাদেশ’। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন, বিভিন্ন সরকারি দপ্তর এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মিলাদ-দোয়াসহ নানা কর্মসূচির আয়োজন করে। এসব কর্মসূচিতে বঙ্গবন্ধুর জীবন ও দর্শন এবং জাতীয় শিশু দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখা হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:বগুড়া: সকাল নয়টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বটতলায় শিশু সমাবেশ করা হয়। এরপর শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টিটু মিলনায়তনে শেষ হয়। এ উপলক্ষে বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সকালে শিশু একাডেমীর উদ্যোগে দুই দিনব্যাপী বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ইফতেখারুল ইসলাম খান। জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকাল সাতটায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। রংপুর: বিভাগীয় ও জেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সেখান থেকে শিশু-কিশোরেরা শোভাযাত্রা বের করে। বেলা ১১টায় টাউন হলে জেলা তথ্য অফিসের আয়োজনে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ নিয়ে তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর জেলা প্রশাসক বি এম এনামুল হকের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও রাজনীতিবিষয়ক উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ।খুলনা: খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সকাল সাড়ে ছয়টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে সাতটায় নিউমার্কেট থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা খুলনা বেতার কেন্দ্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বেলা ১১টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা হয়। ফরিদপুর: সকালে ফরিদপুর প্রেসক্লাব চত্বর, মুজিব সড়ক ও অম্বিকা ময়দান এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়। এর আগে সকাল সাতটায় অম্বিকা ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করেন ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ। সকাল ১০টায় আনন্দ শোভাযাত্রা শেষে শিশু সমাবেশ হয়।নীলফামারী: সকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা স্থানীয় কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। পরে স্থানীয় শিল্পকলা মিলনায়তনে শিশু সমাবেশ ও আলোচনা সভা হয়।