সারা দেশে বিএনপির প্রতিবাদ, বিক্ষোভ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির নেতা-কর্মীরা গতকাল বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সভা করেছেন। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন স্থাপনা থেকে জিয়াউর রহমানের নাম প্রত্যাহার, খালেদা জিয়ার প্রাণনাশের চেষ্টা, দ্রব্যমূল্য বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা ও ভারতের সঙ্গে অসম চুক্তির প্রতিবাদে তাঁরা এসব কর্মসূচি পালন করেন। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:চাঁদপুর: বিকেল চারটায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শহরে মিছিল বের করা হয়। এতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অন্যান্য অঙ্গসংগঠনের শত শত নেতা-কর্মী ও সমর্থকেরা অংশ নেন। পরে জেলা বিএনপির সভাপতি মমিনুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শেখ ফরিদ মনিক, আবদুল হামিদ প্রমুখ বক্তৃতা করেন।কক্সবাজার: জেলা বিএনপির কার্যালয় থেকে গতকাল জেলা বিএনপির একাংশ বিক্ষোভ মিছিল বের করে। এই পক্ষের সমাবেশে কক্সবাজার-৩ আসনের সাংসদ লুত্ফুর রহমান কাজল, রফিকুল হুদা চৌধুরী বক্তৃতা করেন। বিএনপির অপর একটি অংশ বিকেল চারটায় প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে। পরে পৌরভবন চত্বরে সমাবেশে জেলা বিএনপির নেতা এ টি এম নুরুল বশর চৌধুরী, শামিম আরা প্রমুখ বক্তৃতা করেন।নীলফামারী: নীলফামারী জেলা বিএনপি শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার ট্রাফিক মোড়ে সমাবেশে মিলিত হয়। এখানে বিএনপির নেতা আহসান আহম্মেদ, সামুজ্জামান প্রমুখ বক্তৃতা করেন। দিনাজপুর: গণেশতলা জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে রেলস্টেশন চত্বরে সমাবেশে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি লুত্ফর রহমান। পিরোজপুর: শহরের বিলাস চত্বরে পথসভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক যথাক্রমে নজরুল ইসলাম খান, সৈয়দ সাব্বির আহমেদ প্রমুখ বক্তৃতা করেন।ফরিদপুর: শহরের জনতা ব্যাংকের মোড়ে আয়োজিত সভায় জেলা বিএনপির সভাপতি জহুরুল হক, সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম, আতাউর রশিদ প্রমুখ বক্তৃতা করেন।নোয়াখালী: বিকেল পাঁচটায় বিএনপির নেতা-কর্মীরা জেলা জামে মসজিদের সামনে থেকে মিছিল বের করেন। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে মসজিদ চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশীদ আজাদ। অন্যান্যের মধ্যে সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাক্ষা চন্দ্র দাস, লিয়াকত আলী খান, আবদুল মোতালেব প্রমুখ বক্তব্য দেন।