সারা দেশে বিএনপির ৩১ নেতা-কর্মী আটক
বিএনপির ডাকা আজ সোমবারের হরতাল সামনে রেখে পুলিশ দেশের বিভিন্ন স্থানে ধরপাকড় চালিয়েছে। বরিশাল, খুলনা, বরগুনা, পাবনা ও ময়মনসিংহে বিএনপির ৩১ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। হরতালের সমর্থনে ও গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মুক্তির দাবিতে গতকাল রোববার মিছিল বের করা হলে পুলিশ লাঠিপেটা করেছে। এতে বিভিন্ন জেলায় বিএনপির অন্তত অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। বরিশালে গুরুতর আহত হয়েছেন সাংসদ মজিবর রহমান সরোয়ার ও সাবেক মেয়র আহসান হাবিব কামাল। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: বরিশাল: মহানগর বিএনপির সভাপতি ও সাংসদ মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে বেলা সাড়ে তিনটায় জেলা কার্যালয় থেকে মিছিল বের হয়। মিছিলটি সদর রোডে গেলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় বিক্ষোভকারীরা রাস্তায় শুয়ে অবরোধ করতে চাইলে পুলিশ বেধড়ক লাঠিপেটা করে। এতে মজিবর রহমান সরোয়ার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম শাহীন, মনিরুজ্জামান ফারুকসহ বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে বিএনপির কর্মী মোশাররফ হোসেন, মো. সবুজ ও ছাত্রদলের কর্মী মুন্নাকে আটক করে। এর আগে দুপুর একটায় জেলা কার্যালয় থেকে বিএনপি নেতা ও সাবেক মেয়র আহসান হাবিব কামাল ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রাজনের নেতৃত্বে একটি মিছিল বের করা হলে পুলিশ সেখানেও লাঠিপেটা করে। এতে আহত হন আহসান হাবিব কামাল।বরগুনা: বরগুনা শহরের সদর রোড এলাকা থেকে পুলিশ শনিবার রাতে সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান ও ছাত্রদলের কর্মী সুমনকে আটক করেছে। একই রাতে আমতলী সদর থেকে জেলা বিএনপির সদস্য ইকবাল তালুকদার, যুবদলের কর্মী পান্নু ও ছাত্রদলের কর্মী সুজন, তালতলী থেকে বিএনপির কর্মী ফেরদৌস ও জাফরকে আটক করা হয়। এ ছাড়া বেতাগী থানায় আটক করা হয়েছে পৌর ছাত্রদল সভাপতি নেছার উদ্দীন ও ছাত্রদল কর্মী রিয়াজকে। বগুড়া: গতকাল বিকেলে বিএনপির নেতা-কর্মীরা নবাববাড়ি সড়কে জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে এটিএন বাংলার আলোকচিত্রী আজিজুল হাকিম আহত হন। পরে পুলিশ বেধড়ক লাঠিপেটা শুরু করে। এতে বিএনপির নেতা সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন, রেজাউল করিম, খায়রুল বাশার, মেহেদী হাসান, ফরিদউদ্দিসহ অন্তত ১০ জন আহত হন। খুলনা: সদর থানার পুলিশ শনিবার রাতে বিএনপির ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। হরতালের সমর্থনে ও গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মুক্তির দাবিতে গতকাল বিকেলে মহানগরে মিছিল ও সমাবেশ হয়েছে। চাটমোহর (পাবনা): বিকেলে চাটমোহরে বিএনপির নেতা-কর্মীদের মিছিল শাহী মসজিদ মোড়ে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে বিএনপির সাতজন নেতা-কর্মীকে আটক করেছে। ত্রিশাল (ময়মনসিংহ): ত্রিশালে বিএনপির নেতা-কর্মীদের মিছিল পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ থানা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুনকে আটক করে।