সারা দেশে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন স্থাপনা থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলা ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার প্রাণনাশের চেষ্টার প্রতিবাদে গতকাল মঙ্গলবার এ কর্মসূচি পালন করে বিএনপি। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে জানানো হয়, পূর্বঘোষিত মাসব্যাপী কর্মসূচি অনুযায়ী গতকাল দেশের বিভিন্ন থানা, উপজেলা ও পৌরসভায় এই কর্মসূচি পালিত হয়। ইউনিয়ন পর্যায়েও কোথাও কোথাও পালিত হয়েছে এই কর্মসূচি।বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এসব কর্মসূচিতে বিএনপির তৃণমূল নেতারা নাম পরিবর্তনে সরকারের সিদ্ধান্ত বাতিল ও বিএনপির চেয়ারপারসনের নিরাপত্তা জোরদার করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার সমালোচনা করেন তাঁরা।বিএনপির মাসব্যাপী কর্মসূচি মার্চে ঢাকায় মহাসমাবেশের মাধ্যমে শেষ হবে। পল্টনে ওই মহাসমাবেশে খালেদা জিয়া দলের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার থেকে দেশব্যাপী গণসংযোগ চালাবে বিএনপি। ছয় বিভাগীয় শহরে সমাবেশও করবে দলটি।ঢাকায় কর্মসূচি আংশিক পালিত: জানা গেছে, ঢাকা মহানগরের ৪১টি থানার মধ্যে সাত-আটটি থানায় এ কর্মসূচি পালিত হয়েছে। এসব কর্মসূচিতে স্থানীয় থানার সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। রাজধানীর কোনো কর্মসূচিতে কেন্দ্রীয় নেতারা ছিলেন না বলে জানানো হয়েছে।ঢাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে পুরানা পল্টন, মতিঝিল, রমনা, পল্লবী, আগারগাঁও প্রভৃতি থানায়।