গত কয়েক দিনে দেশে বিদ্যুৎ-পরিস্থিতির বিশেষ অবনতি ঘটেছে। ঢাকাসহ সারা দেশে ব্যাপক লোডশেডিং চলছে। সরকারি-বেসরকারি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিদ্যুতের চাহিদা ও সরবরাহের মধ্যে ব্যবধান ছিল প্রায় দেড় হাজার মেগাওয়াট। এই ব্যবধান এ বছরের গ্রীষ্মে এখন পর্যন্ত সর্বোচ্চ।বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্র জানায়, একদিকে গ্রীষ্মের প্রকোপ বৃদ্ধির কারণে চাহিদা বৃদ্ধি, অন্যদিকে উৎপাদন কিছুটা কমে যাওয়ায় লোডশেডিং বেড়েছে। তবে এই অবস্থা দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা নেই।গতকাল ঢাকার বিভিন্ন এলাকা থেকে প্রথম আলো কার্যালয়ে টেলিফোন করে ঘন ঘন লোডশেডিংয়ের অভিযোগ জানান ভুক্তভোগী নগরবাসী। মোহাম্মদপুর, শেখেরটেক, আদাবর, শ্যামলী, মিরপুর, বাসাবো, কলাবাগান থেকে অনেক গ্রাহক লোডশেডিংয়ে বিপর্যস্ত হওয়ার কথা জানান।লোডশেডিংয়ের পাশাপাশি বেড়েছে বিদ্যুৎবিভ্রাটও। বিভিন্ন বিদ্যুৎ বিতরণ কোম্পানির সূত্রগুলো জানায়, কোনো কোনো এলাকায় ট্রান্সফরমার অকেজো হওয়া, বিতরণ লাইনে সমস্যা প্রভৃতি বিদ্যুৎবিভ্রাট দেখা দিয়েছে অত্যধিক গরম ও চাহিদা বৃদ্ধিজনিত ‘ওভারলোড’-এর কারণে।ঢাকার বাইরের শহর-নগর ও গ্রামাঞ্চলের বিদ্যুৎ-পরিস্থিতি আরও খারাপ বলে বিভিন্ন এলাকার গ্রাহক ও সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী কোম্পানিগুলোর সূত্র জানিয়েছে। বিশেষ করে, পল্লী বিদ্যুতের আওতাধীন দেশের বিস্তীর্ণ গ্রামাঞ্চলে ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ থাকে সর্বোচ্চ ১০ ঘণ্টা। কোথাও কোথাও ছয় ঘণ্টা। যখন বিদ্যুতের ব্যবহার থাকে না বা কম থাকে, অর্থাৎ সেই মধ্যরাতে কিংবা ভোরে কিছুক্ষণ করে বিদ্যুৎ থাকে।পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একাধিক সূত্র জানায়, তাঁরা বিদ্যুৎ পাচ্ছেন চাহিদার সর্বোচ্চ ৪০ শতাংশ।পিডিবি সূত্র জানায়, তাদের হিসাবে গতকাল মঙ্গলবার দেশে বিদ্যুতের সর্বোচ্চ সম্ভাব্য উৎপাদন ধরা হয়েছিল চার হাজার ৪৪০ মেগাওয়াট। বিপরীতে চাহিদা নির্ধারণ করা হয়েছিল পাঁচ হাজার ৬০০ মেগাওয়াট। তবে এখন দেশে প্রকৃতপক্ষে সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা সাড়ে ছয় হাজার মেগাওয়াটের কম নয় বলেও সূত্রগুলো জানায়।বিদ্যুতের উৎপাদন চার হাজার ৭০০ মেগাওয়াট থেকে প্রায় ৫০০ মেগাওয়াট কমে যাওয়ার কারণ হিসেবে সূত্রগুলো জানায়, কারিগরি ত্রুটির কারণে বেশ কয়েকটি কেন্দ্রে উৎপাদন বন্ধ রয়েছে। তা ছাড়া বিদ্যুৎ উৎপাদনে জ্বালানিস্বল্পতাও উৎপাদন কমার অন্যতম কারণ।