সারা দেশে ভূমিকম্প, স্কুলছাত্রীসহ দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল ভূমিকম্পের ঝাঁকুনিতে আতঙ্কিত হয়ে মানুষজন ঘরবাড়ি থেকে রাস্তায় নেমে আসে। ছবিটি সিলেটের জিন্দাবাজার এলাকা থেকে গতকাল বিকেলে তোলা l আনিস মাহমুদ
গতকাল ভূমিকম্পের ঝাঁকুনিতে আতঙ্কিত হয়ে মানুষজন ঘরবাড়ি থেকে রাস্তায় নেমে আসে। ছবিটি সিলেটের জিন্দাবাজার এলাকা থেকে গতকাল বিকেলে তোলা l আনিস মাহমুদ

মঙ্গলবার বেলা ৩টা ৯ মিনিট। হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ সারা দেশ। সুনামগঞ্জে এ সময় আতঙ্কে বাইরে বের হতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে এক স্কুলছাত্রীর এবং বারান্দার গ্রিলের সঙ্গে মাথায় আঘাত লেগে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া দেশের কোথাও তেমন বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামছুদ্দিন আহমেদ গতকাল প্রথম আলোকে বলেন, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ১৭৬ কিলোমিটার দূরে ভারতের ত্রিপুরায়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলেছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশ-ভারত সীমান্তের কাছাকাছি ত্রিপুরার আমবাসা থেকে ১৯ কিলোমিটার উত্তর-পূর্বে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। বাংলাদেশ ছাড়াও ভারতের উত্তর-পূর্বাঞ্চল, মিয়ানমার ও ভুটানে এই ভূকম্পন অনুভূত হয়।
ত্রিপুরার রাজ্য সরকার বলেছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল আমবাসা ও কুমারঘাটের লংতরাইতে। এটি ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে ৫৯ কিলোমিটার দূরে। ত্রিপুরা দুর্যোগ প্রতিরোধ দপ্তরের কর্মকর্তা শরৎ দাসের বরাত দিয়ে প্রথম আলোর আগরতলা (ত্রিপুরা) প্রতিনিধি জানান, ত্রিপুরায় ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে মানুষের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়।
সুনামগঞ্জ অফিস জানায়, ভূমিকম্পের সময় আতঙ্কে সুনামগঞ্জের ছাতক উপজেলায় স্কুলছাত্রী সায়মা আক্তার (১৪) ও জগন্নাথপুর উপজেলায় হিরণ মিয়া (২৫) মারা গেছেন। আহত হয়েছে নাদিউর রহমান (১৩) নামের এক মাদ্রাসাছাত্র।
ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বলেন, সায়মা আক্তারের বাবা শামসুল হক ছাতক সিমেন্ট কারখানার শ্রমিক। তিনি সপরিবারে কারখানার ভেতরে চারতলা ভবনে থাকতেন। ভূমিকম্পের সময় পরিবারের অন্যদের সঙ্গে ঘর থেকে বের হয়ে দৌড়ে নিচে নামার সময় সিঁড়ি থেকে ছিটকে পড়ে সায়মা আক্তার। গুরুতর অবস্থায় তাকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। সায়মা ছাতক সিমেন্ট ফ্যাক্টরি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ বলেন, উপজেলার পাটলি ইউনিয়নের আসামপুর গ্রামে হিরণ মিয়ার বাড়ি। ভূমিকম্পের সময় ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে বের হতে গিয়ে তিনি বারান্দার গ্রিলের সঙ্গে মাথায় আঘাত পান। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই সময় পাটলি মাদ্রাসার দোতলা থেকে লাফ দিয়ে নামতে গিয়ে গুরুতর আহত হয় ওই মাদ্রাসার ছাত্র নাদিউর রহমান (১৩)। তাকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হবিগঞ্জ প্রতিনিধি জানান, ত্রিপুরার সীমান্তবর্তী হওয়ায় হবিগঞ্জে ভূমিকম্পের তীব্রতা বেশি অনুভূত হয়। আতঙ্কিত লোকজন ঘরবাড়ি, কারখানা থেকে দ্রুত বের হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন।
সিলেট প্রতিনিধি জানান, ভূমিকম্পের কারণে নগরের জিন্দাবাজার এলাকার একটি বিপণিবিতান এবং উপশহর এলাকার একটি আবাসিক ভবন ওপরের দিকে সামান্য একটু হেলে পড়েছে। পুরান লেন এলাকার নির্মাণাধীন একটি আটতলা ভবনের ওপরতলা থেকে অন্তত ২০টি ইট রাস্তায় খসে পড়ে। ভূমিকম্পের সময় আতঙ্কে লোকজন রাস্তায় নেমে আসায় বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা, লামাবাজার এলাকায় দেখা দেয় যানজট।
মৌলভীবাজার প্রতিনিধি জানান, ভূমিকম্পের সময় মৌলভীবাজার শহরের পশ্চিমবাজার এলাকার একটি পাঁচতলা ভবনের ওপর স্থাপিত একটি মুঠোফোন টাওয়ারের যন্ত্রপাতিতে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, ভূমিকম্পে কমলগঞ্জ উপজেলায় ফুটবল খেলার মাঠসহ অর্ধশতাধিক স্থানের জমি ফেটে পানি ও বালু বের হয়। কমলগঞ্জ পৌর ভবন, উপজেলা প্রশাসন চত্বরে জেলা পরিষদের নবনির্মিত অডিটোরিয়ামসহ বেশ কিছু বাড়িঘরে ফাটল দেখা দেয়।
এ ছাড়া দেয়াল ভেঙে, ইটের আঘাতে ও বৈদ্যুতিক তার ছিঁড়ে চারজন আহত হন। এঁরা হলেন শমশেরনগর ইউনিয়নের ভরতপুর গ্রামের মরিয়ম বেগম (৪০), পৌরসভার বড়গাছ এলাকার আমিন মিয়া (৪৫) ও তাঁর স্ত্রী এবং আদমপুর ইউনিয়নের উত্তর বানুবিল গ্রামের উজ্জ্বল সিংহ (২০)।