সারা দেশে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
রাজধানীসহ সারা দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল শনিবার ‘মাদক-দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ পালিত হয়েছে। ‘মাদক পরিহার করুন, স্বাস্থ্য নিয়ে ভাবুন’ স্লোগান নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে।দিনটি উপলক্ষে সারা দেশে মাদকবিরোধী শোভাযাত্রার আয়োজন করে বাংলালিংক-প্রথম আলো। জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ে মাদকবিরোধী ব্যানার-ফেস্টুনসহ মানববন্ধন, আলোচনা সভা, মাদকবিরোধী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন, ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মাদকবিরোধী মাইকিংসহ বিভিন্ন কর্মসূচি পালন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।স্বেচ্ছাসেবী সংগঠন আবিষ্কার জাতীয় প্রেসক্লাব থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন। উন্নয়ন সাংবাদিকতা ফোরাম মতবিনিময় সভার আয়োজন করে। অনন্যা সাংস্কৃতিক গোষ্ঠী আলোচনা সভার আয়োজন করে ও মাদকবিরোধী পুরস্কার প্রদান করে। এ ছাড়া জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতিসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করে।