সারা দেশে যুদ্ধাপরাধীদের বিচারের প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের ঘাতক-দালালসহ যুদ্ধাপরাধীদের বিচার ও মহান স্বাধীনতা সুসংহত করার প্রত্যয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শুক্রবার সারা দেশে উদ্যাপন করা হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। কর্মসূচির মধ্যে ছিল স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ, শোভাযাত্রা, গণকবর জিয়ারত, কুচকাওয়াজ এবং মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারকে সংবর্ধনা। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:চট্টগ্রাম: প্রথম প্রহরে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেন মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। এরপর পর্যায়ক্রমে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনারসহ অন্য সরকারি কর্মকর্তারা শহীদ মিনারে ফুল দেন। আওয়ামী লীগের সাংসদদের মধ্যে কেবল এম এ লতিফ উপস্থিত ছিলেন। এরপর আওয়ামী লীগ ও বিএনপির চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার নেতা-কর্মীরা দলীয় মিছিলসহকারে শহীদ মিনারে ফুল দেন। জাতীয় পার্টি ও জাসদ শহীদ মিনারে ফুল দেয় স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে। পরে শহীদ মিনারের কাছে বক্তব্য দেন এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও আবদুল্লাহ আল নোমান। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সামাজিক সংগঠনের কর্মীরা যুদ্ধাপরাধীদের বিচার দাবি করেন। রাজশাহী: সকালে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে দলের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ ছাড়া মুক্তিযোদ্ধা সংসদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। রাজশাহী কলেজ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিএনপি। একই শহীদ মিনার ও নগরের ভুবনমোহন পার্ক শহীদ মিনারে শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন।নোয়াখালী: দিবসের প্রথম প্রহরে স্মৃতিফলকে জেলা প্রশাসক মিজানুর রহমান পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়।কুড়িগ্রাম: সকালে স্টেডিয়াম মাঠে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা কুচকাওয়াজ প্রদর্শন করে। মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে স্থানীয় মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়। শিশু একাডেমী শিশুদের চিত্রাঙ্কন, হাতের লেখা, দেশাত্মবোধক সংগীত প্রতিযোগিতার আয়োজন করে।দিনাজপুর: জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মুক্তিযুদ্ধে শহীদ স্মৃতিস্তম্ভে রাতে শ্রদ্ধা নিবেদন করেন ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান। এরপর জেলা প্রশাসক, পুলিশ সুপার, পৌর মেয়রসহ বিভিন্ন রাজনৈতিক দল, অঙ্গসংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হয়। সকালে জেলা প্রশাসনের আয়োজনে দিনাজপুর বড় ময়দানে অনুষ্ঠিত হয় স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ। বগুড়া: রাত ১২টা এক মিনিটে জিলা স্কুল মাঠে ২১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা করে জেলা প্রশাসন। সকালে শহীদ চান্দু স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ, জাতীয় পার্টি সকালে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।রাঙামাটি: ভোরে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের পক্ষে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকালে রাঙামাটি স্টেডিয়ামে পুলিশ, আনসার-ভিডিপিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, স্কাউটস, গার্লস গাইড, কাব দলের সদস্যরা কুচকাওয়াজ ও শারীরচর্চা প্রদর্শনীতে অংশ নেয়।ফরিদপুর: সকালে শহীদদের নামফলক-সংবলিত বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমেদ, পুলিশ সুপার মো. আওলাদ আলী ফকির ও ভারপ্রাপ্ত পৌর মেয়র শেখ মাহাতাব আলী। পরে জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। স্টেডিয়ামের গণকবরে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিভিন্ন সংগঠন। পরে শিক্ষার্থীরা কুচকাওয়াজ প্রদর্শন করে। বিকেলে প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্বাধীনতা চত্বরে সাংস্কৃতিক অনষ্ঠানের আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট।পাবনা: জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, বিএনপি, পাবনা প্রেসক্লাব, পাবনা ড্রামা সার্কেল, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি এডওয়ার্ড কলেজ, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠন মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ দুর্জয় পাবনায় পুষ্পস্তবক অর্পণ করে।ফেনী: সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনি ও মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সকালে ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী, শিশুদের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন, সংগীত ও নৃত্য প্রতিযোগিতা, শিশু ও মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ ছাড়া মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয় এবং ৩৫টি সেলাই মেশিন প্রদান করা হয়।নাটোর: সকাল ছয়টায় কানাইখালী মাঠে ৩৯ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে সাতটায় শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পরে একই মাঠে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশ নেয়। নীলফামারী: ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনালগ্নে স্থানীয় স্বাধীনতা স্মৃতি অম্লান চত্বরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, পৌরসভা, প্রেসক্লাব, স্বাধীনতা চিকিৎসক পরিষদসহ বিভিন্ন সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। সকালে স্টেডিয়ামে কুচকাওয়াজ ও বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।রাজশাহী বিশ্ববিদ্যালয়: দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শহীদ মিনার ও গণকবরে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, মোমবাতি প্রজ্বালন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী, যুদ্ধবিরোধী পোস্টার প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ মোনাজাতের আয়োজন করে।ইসলামী বিশ্ববিদ্যালয়: সকাল আটটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে উপাচার্য এম আলাউদ্দিনের নেতৃত্বে শোভাযাত্রা বের করা হয়। স্বাধীনতাযুদ্ধে বীর শহীদদের স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপাচার্য। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, জিয়া পরিষদ, ছাত্রলীগ, ছাত্রলীগ (জাসদ), বিভিন্ন আবাসিক হল, বিভিন্ন বিভাগ, প্রেসক্লাব এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।নারায়ণগঞ্জ: জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন শহরের কেন্দ্রস্থল চাষাঢ়ায় বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে। শহরের ওসমানী স্টেডিয়ামে শিশু-কিশোর সমাবেশ ও কুচকাওয়াজের আয়োজন করা হয়। শহরের বংশাল পঞ্চায়েত ও যুব কমিটি শিশুদের চিত্রাঙ্কন, সংগীত ও কবিতা প্রতিযোগিতার আয়োজন করে। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট চাষাঢ়ার পৌর শহীদ মিনার প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে।মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জে গতকাল শুক্রবার স্বাধীনতা দিবসে জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে শহরে বিশাল শোভাযাত্রা হয়েছে। রাত ১২টা এক মিনিট থেকে শহরের শিল্পকলা একাডেমী-সংলগ্ন স্মৃতিস্তম্ভের বেদিতে সরকারি-বেসরকারি, রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। মুন্সিগঞ্জ এভিজেএম বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে মহিলা ক্রিড়া সংস্থার আয়োজনে কাবাডি ও বিভিন্ন খেলার আয়োজন করা হয়। এ ছাড়া টঙ্গিবাড়ী, সিরাজদিখান, লৌহজং ও শ্রীনগর উপজেলায় স্বাধীনতা দিবস পালিত হয়েছে।মৌলভীবাজার: মৌলভীবাজার শহীদ মিনারে রাতের প্রথম প্রহর ও সকালে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা, আওয়ামী লীগ, বিএনপি, সিপিবি, জাসদসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন। সকালে নিজামুল ইসলামের উদ্যোগে সরকারি উচ্চবিদ্যালয় মাঠে ডাকটিকিট প্রদর্শন করা হয়। মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে পৌর মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।কিশোরগঞ্জ: সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। পরে বরইতলা স্মৃতিসৌধে সশস্ত্র সালামসহ শ্রদ্ধার্ঘ্য অর্পণ, সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, স্টেডিয়ামে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।সুনামগঞ্জ: প্রথম প্রহরে শহরের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, প্রেসক্লাব, জেলা আইনজীবী সমিতি, সুনামগঞ্জ চেম্বারসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন।টাঙ্গাইল: সকালে শহরের পৌর উদ্যানে শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে টাঙ্গাইল স্টেডিয়ামে বিভিন্ন স্কুল-কলেজ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনীর আয়োজন করে। বস্ত্র ও পাটমন্ত্রী আবদুুুল লতিফ সিদ্দিকী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন। দুপুরের দিকে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়। পৌর উদ্যানে আয়োজন করা হয় আলোকচিত্র প্রদর্শনীর।বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়: সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয়। পরে স্টেডিয়ামে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন, মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, নীরবতা পালন; বিভিন্ন হল ও সংগঠনের উদ্যোগে প্রীতি খেলাধুলা, স্বাধীনতার কবিতা পাঠ, সংগীতানুষ্ঠান, দোয়া ও বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। উপাচার্য এম এ সাত্তার মণ্ডলের নেতৃত্বে ছাত্র সংগঠনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ওই সব কর্মসূচিতে অংশ নেয়।সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: সকাল ছয়টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের সদস্যরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। বিকেলে শিক্ষক সমিতির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।