কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, সারা দেশ লুটপাট করে খেয়ে এখন হরতাল দিচ্ছে বিএনপি। তিনি বলেন, শেখ হাসিনা আগের বার ক্ষমতায় এসে বিদ্যুৎ-সমস্যার সমাধান করেছিলেন। খালেদা জিয়া ক্ষমতায় এসে ছেলেকে দিয়ে খাম্বার ব্যবসা করিয়েছেন। বিদ্যুতের কোনো উন্নয়ন করেননি। এ কারণেই এত দুর্ভোগ।গতকাল সোমবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পাবলিক হল মিলনায়তনে বিভিন্ন প্রতিষ্ঠান ও হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে টিআর ও স্বেচ্ছাধীন তহবিলের প্রায় ৩৫ লাখ টাকার চেক বিতরণকালে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।মতিয়া চৌধুরী বলেন, চট্টগ্রামে হেরেছি, সেটা বলেন; কিন্তু ভোলায় হেরেছেন, সেটা বলেন না। বিএনপি-জামায়াত যত লাফালাফিই করুক, কোনো লাভ নেই। পাঁচ বছর পূর্ণ হওয়ার পর ভোট হবে। জনগণ যাঁকে ভোট দেবে, তিনিই ক্ষমতায় আসবেন।এ ছাড়া মন্ত্রী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চেল্লাখালী নদীর সন্নানিভিটা এলাকার সেতু পরিদর্শন করেন এবং কৃষকদের মধ্যে ছয়টি পাওয়ার টিলার ও পোকা ধরার এক হাজার ১০টি যন্ত্র বিতরণ করেন।এ সময় কৃষিমন্ত্রীর সঙ্গে ছিলেন জেলা প্রশাসক নাসিরুজ্জামান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার আনিসুর রহমান, নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান প্রমুখ।