সারা দেশে লোডশেডিং বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় এক সপ্তাহ ধরে ঢাকাসহ সারা দেশে বিদ্যুতের লোডশেডিং বেড়েছে। লোডশেডিংয়ের প্রকোপ অন্যান্য সময়ের মতোই ঢাকা ও অন্যান্য বড় শহরের তুলনায় গ্রামাঞ্চলে বেশি। তবে কদিন ধরে প্রধান প্রধান শহরের অনেক এলাকাতেও একাধিকবার লোডশেডিং হচ্ছে।

ভাদ্রের তীব্র গরমে চাহিদা বৃদ্ধির পাশাপাশি দুটি গ্যাস পাইপলাইনে দীর্ঘদিন ধরে জমাটবাঁধা ময়লা পরিষ্কারের (পিগিং) কাজ শুরু করার কথা জানা গেছে। ফলে বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ আগের চেয়েও দৈনিক প্রায় সাত কোটি ঘনফুট কমেছে। কমেছে বিদ্যুৎ উৎপাদনও।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সূত্র জানায়, গ্যাসস্বল্পতার কারণে দীর্ঘদিন ধরেই ৮০০ মেগাওয়াটের মতো বিদ্যুৎ উৎপাদন কম হচ্ছিল। ২৫ আগস্ট দুই পাইপলাইনের পিগিং শুরু করায় গ্যাস সরবরাহ আরও কমে যায়। ফলে গ্যাসস্বল্পতায় বিদ্যুৎ উৎপাদন ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ মেগাওয়াট পর্যন্ত কম হচ্ছে। অর্থাৎ পিগিং শুরুর কারণে আগের তুলনায় ৬০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন কম হচ্ছে।

পিডিবির হিসাবে যদিও লোডশেডিংয়ের পরিমাণ সব সময়ই ৫০০ মেগাওয়াটের কম বলা হচ্ছে, কিন্তু বাস্তবে তা নয়। গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব পালনকারী প্রতিষ্ঠান পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) সূত্র জানায়, কয়েক দিন ধরে চাহিদার তুলনায় তারা বিদ্যুৎ কম পাচ্ছে। এ পরিমাণ এক হাজার মেগাওয়াটেরও বেশি। তাঁদের সর্বোচ্চ চাহিদা এখন প্রায় ৪ হাজার ৭০০ মেগাওয়াট। পাচ্ছেন ৩ হাজার ৬০০ মেগাওয়াটের কিছু বেশি।

এ ছাড়া ঢাকায় বিদ্যুৎ বিতরণকারী দুটি সংস্থা—ডিপিডিসি ও ডেসকোর চাহিদার তুলনায় মোট ঘাটতি প্রায় ৫০০ মেগাওয়াট। পিডিবির বিতরণ এলাকা ও পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ওজোপাডিকো) এলাকায়ও একাধিকবার লোডশেডিং করা হচ্ছে বলে জানা গেছে।

পেট্রোবাংলার সূত্র জানায়, তাঁদের অধীন গ্যাস ট্রান্সমিশন কোম্পানি (জিটিসিএল) আশুগঞ্জ-বাখরাবাদ ৩০ ইঞ্চি ব্যাসের ৬১ কিলোমিটার এবং বাখরাবাদ-সিদ্ধিরগঞ্জ ৩০ ইঞ্চি ব্যাসের ৬০ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন দুটির পিগিং শুরু করেছে। আগামী ৩ সেপ্টেম্বর তা শেষ হবে। এর ফলে পাইপলাইন দুটির সঞ্চালন ক্ষমতা আগের তুলনায় বাড়বে। কিন্তু এই তীব্র গরমের সময় এই কাজটি শুরু করা উচিত হয়নি।

সূত্র বলেছে, দেশের অধিকাংশ গ্যাস পাইপলাইন দীর্ঘদিন ধরে পিগিং করা হয়নি। ফলে গ্যাস সঞ্চালন বিঘ্নিত হচ্ছিল। তা সত্ত্বেও এই কাজের জন্য আরও এক মাস অপেক্ষা করা যেত। তবে জিটিসিএল সূত্র বলেছে, ওই লাইন দুটি থেকে গ্যাসের সঙ্গে নানা ধরনের ময়লা-আবর্জনা আসছিল। ফলে বিদ্যুৎকেন্দ্র ও অন্যান্য শিল্পকারখানা মারাত্মক সমস্যায় পড়েছিল। সেই কারণেই তাড়াহুড়া করে লাইন দুটি পরিষ্কার করার কাজ শুরু করতে হয়েছে। আগামী সপ্তাহে গ্যাস সরবরাহ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে।

বর্তমানে দেশে দৈনিক গ্যাস সরবরাহ ক্ষমতা ২৭৫ কোটি ঘনফুটের কিছু বেশি। পিগিং শুরুর পর থেকে তা ২৬৮ কোটিতে নেমেছে।