সারা দেশে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় সারা দেশে গতকাল রোববার জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী, প্রশাসনের কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। পাশাপাশি বিভিন্ন স্থানে বইমেলা, শিশুদের জন্য চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:চট্টগ্রাম: এক কিলোমিটারজুড়ে লাইনে দাঁড়িয়ে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছে নগরের বিভিন্ন স্তরের মানুষ। শহীদ মিনার ও আশপাশের এলাকা ছিল নিরাপত্তার চাদরে ঢাকা। প্রথম প্রহরে শহীদবেদিতে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীন। এরপর একে একে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাসান মাহমুদ, সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের পুষ্পমাল্য অর্পণ শেষে রাত সোয়া ১২টায় শহীদ মিনার সর্বস্তরের জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়।রাজশাহী: রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে রাজশাহী মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা মঞ্চ, রাজশাহী মহানগর আওয়ামী লীগ, রাজশাহী মহানগর, জেলা বিএনপিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের উদ্যোগে গ্রিন প্লাজায় সাত দিনব্যাপী বইমেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সচেতন নাগরিক কমিটি (সনাক) সকালে প্রমিত বানান প্রতিযোগিতা এবং বিকেলে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে শুদ্ধ উচ্চারণ প্রতিযোগিতার আয়োজন করা হয়।বগুড়া: জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। তাদের সহযোগিতায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে স্থানীয় শহীদ মিনারে আট দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে।নাটোর: নাটোর বন্ধুসভা গতকাল কানাইখালী মাঠে উন্মুক্ত ভাষা প্রতিযোগিতার আয়োজন করে। এতে বন্ধুসভার সদস্যরা ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেয়। প্রথম প্রহরে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান কানাইখালী মাঠসংলগ্ন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।ফরিদপুর: শনিবার দিবাগত রাত ১২টা এক মিনিটে শহরের অম্বিকা মেমোরিয়াল হল-সংলগ্ন শহীদবেদিতে জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ ও পুলিশ সুপার মো. আওলাদ আলী ফকিরের পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যে দিয়ে একুশের কার্যক্রম শুরু হয়। এরপর এক মিনিট নীরবতা ও মোনাজাতের পর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শহীদবেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে।ঝিনাইদহ: শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ঝিনাইদহ-২ আসনের সাংসদ শফিকুুল ইসলাম প্রথমে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। শহরের পুরোনো ডিসি কোর্ট চত্বরে সাত দিনব্যাপী বইমেলার আয়োজন করা হয়েছে।নীলফামারী: জেলা প্রশাসন ও পুস্তক বিক্রেতা সমিতির যৌথ উদ্যোগে স্থানীয় শিল্পকলা মিলনায়তনের সামনে পুস্তক ও পোস্টার প্রদর্শনীর আয়োজন করা হয়। সন্ধ্যায় জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে স্থানীয় শিল্পকলা মিলনায়তনে ভাষাসৈনিক ও ভাষা আন্দোলনে অংশগ্রহণকারীদের সম্মাননা দেওয়া হয়।পঞ্চগড়: শিশু একাডেমী পঞ্চগড় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ চত্বরে শিশুদের জন্য ‘সুন্দর বাংলা হাতের লেখা ও চিত্রাঙ্কন’ প্রতিযোগিতার আয়োজন করে। বিকেলে বইমেলা চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।চুয়াডাঙ্গা: সকাল সাতটায় জেলা প্রশাসকের নেতৃত্বে কালেক্টরেট ভবন চত্বর থেকে সব সংগঠনের অংশগ্রহণে প্রভাতফেরি শহীদ মিনারে এসে শেষ হয়। প্রথমবারের মতো স্থানীয় হরিজন সমপ্রদায়ের লোকজন প্রভাতফেরিতে অংশ নেয়।বাগেরহাট: জেলা প্রশাসন সকালে স্থানীয় স্বাধীনতা উদ্যান মঞ্চে ভাষাসৈনিক মুনসুর আহমেদকে সংবর্ধনা দেয়। স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ফাউন্ডেশন সকালে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে।গোপালগঞ্জ: প্রথম প্রহরে জেলা ও পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, এনজিও, পেশাজীবী, শ্রমজীবী সংগঠনসহ সর্বস্তরের জনগণ স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। জেলা শিশু একাডেমী চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করে।ফেনী: দাগনভূঞা উপজেলায় ভাষাশহীদ সালামের গ্রাম ‘সালামনগরে’ স্থাপিত ভাষাশহীদ সালাম জাদুঘর ও গ্রন্থাগার নদীভাঙনের হাত থেকে রক্ষার দাবি জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। জেলা প্রশাসক সালামনগরের বিভিন্ন সমস্যা সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রণালয়কে জানাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন।