সারা দেশে শুভ জন্মাষ্টমী উদ্যাপিত
সনাতন ধর্মাবলম্বীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে গতকাল সোমবার সারা দেশে উদ্যাপিত হয়েছে শ্রীকৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী। রাজধানীসহ সারা দেশে এ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।সনাতন ধর্মাবলম্বীদের ভক্তরা বিশ্বাস করেন, দুষ্টের দমন আর সাধু লোকদের রক্ষার জন্য মহাবতার শ্রীকৃষ্ণ এই তিথিতে পৃথিবীতে আবির্ভূত হন। তাঁর জন্মের এই মহিমা স্মরণই জন্মাষ্টমী উদ্যাপনের মূল উদ্দেশ্য।জন্মাষ্টমী উপলক্ষে গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এক সংবর্ধনার আয়োজন করেন। সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। অতিথিরা সংবর্ধনা আয়োজনের জন্য রাষ্ট্রপতির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।সংবর্ধনা অনুষ্ঠানে পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, ধর্ম প্রতিমন্ত্রী মো. শাজাহান মিয়া, রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী অমিয়ানন্দ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।জন্মাষ্টমী উপলক্ষে গতকাল সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে গীতাযজ্ঞানুষ্ঠান হয়। বিকেলে মহানগর সর্বজনীন পূজা কমিটি ও পূজা উদ্যাপন পরিষদের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী জন্মাষ্টমীর মিছিল ও আলোচনা সভা। ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা মঙ্গলপ্রদীপ জ্বেলে মিছিলের উদ্বোধন করেন।আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) সি আর দত্ত বীর উত্তম প্রমুখ। জাতীয় হিন্দু মহাজোট জন্মাষ্টমী উপলক্ষে রামসীতা মন্দির কমপ্লেক্সে এক আলোচনা সভার আয়োজন করে। সভায় রাষ্ট্র পরিচালনায় সব সম্প্রদায়ের সংখ্যার অনুপাতে প্রতিনিধিত্বের সুযোগ রাখার দাবি জানানো হয়। এ জন্য জাতীয় সংসদে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য ৬০টি আসন সংরক্ষণ ও আলাদা নির্বাচনের দাবি জানান হিন্দুধর্মাবলম্বী নেতারা।