সারা দেশে সওজের দুই হাজার কিলোমিটার রাস্তা ভাঙাচোরা
সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) হাইওয়ে উন্নয়ন ও ব্যবস্থাপনা (এইচডিএম) বিভাগের হিসাব অনুযায়ী, সারা দেশে এ মুহূর্তে প্রায় পৌনে তিন শ কিলোমিটার জেলা পর্যায়ের রাস্তা অত্যধিক খারাপ বা নাজুক অবস্থায় রয়েছে। এর বেশির ভাগই খুলনা ও বরিশাল অঞ্চলে। জেলা পর্যায়ে ভাঙাচোরা রাস্তার পরিমাণ ৫০০ কিলোমিটারের ওপরে। সামান্য ভাঙাচোরা রাস্তা রয়েছে প্রায় এক হাজার ২০০ কিলোমিটার। সওজের হিসাব অনুযায়ী, আঞ্চলিক ও জাতীয় মহাসড়কের ক্ষেত্রে অবস্থা এতটা খারাপ নয়। তবে সেগুলোরও সংস্কার দরকার। জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম অংশে খানাখন্দে ভরে যাওয়ায় প্রায় দুই কোটি টাকায় তা মেরামতের কাজ চলছে। কিন্তু ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুরবস্থা সত্ত্বেও সেখানে কোনো বরাদ্দ মেলেনি। এদিকে কুয়াকাটা-কলাপাড়া সড়ক কৃষিজমির মতো অবস্থা হয়েছে। গাজীপুর, আজমতপুর, ইটাখোলা সড়কের নির্মাণকাজ প্রায় বন্ধ। সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ পথের অবস্থা খুবই খারাপ। সেতু না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। সওজ কর্মকর্তারা বলছেন, রক্ষণাবেক্ষণ খাতে বরাদ্দ কম থাকায় অগ্রাধিকার ভিত্তিতে যেসব সড়কে বেশি যান চলাচল করে, সেগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।প্রাপ্ত তথ্যে জানা গেছে, চলতি অর্থবছরে সড়ক রক্ষণাবেক্ষণ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৪৪৬ কোটি টাকা। এইচডিএম বিভাগের হিসাব অনুযায়ী, এ বছর সারা দেশের বেহাল সড়ক মেরামতের জন্য দরকার আড়াই হাজার কোটি টাকা।নাম প্রকাশে অনিচ্ছুক এইচডিএম সার্কেলের একজন কর্মকর্তা জানান, চাহিদা অনুযায়ী বরাদ্দ পাওয়া গেলে পরবর্তী বছর রক্ষণাবেক্ষণ খাতে ব্যয় কমে যায়। কিন্তু যে বরাদ্দ দেওয়া হয় তাতে জাতীয় মহাসড়কগুলোর মেরামতে সব টাকা খরচ হয়ে যায়। ফলে জেলা বা উপজেলা পর্যায়ের সড়কে হাতই দেওয়ার সুযোগ থাকে না।আরেকজন কর্মকর্তা জানান, সারা দেশে সওজের অধীনে পাকা সড়ক রয়েছে প্রায় ১৮ হাজার কিলোমিটার। জেলা সড়কে সামান্য যা বরাদ্দ দেওয়া হয়, তা মন্ত্রী-সাংসদদের বিশেষ তদবিরে। যেসব জেলায় তদবির হয় না, সেগুলো মেরামতের বাইরে থেকে যায়। সূত্র জানায়, সওজ তাদের সড়কগুলো ১০ টন এক্সেল লোড (পেছনের চাকা বরাবর সর্বোচ্চ ১০ টন ওজন হবে) নেওয়ার মতো করে তৈরি করেছে। কিন্তু সারা দেশে ২০ থেকে ৩০ টন মালবাহী ট্রাক চলাচল করে। এ ছাড়া মেরামত কাজে গাফিলতি তো আছেই। ফলে বর্ষা মৌসুম এলে রাস্তার বেহাল দশা হয়ে যায়।বর্তমান সরকার ক্ষমতায় এসে সওজের ১৫টি নতুন প্রকল্প অনুমোদন করেছে। এসব প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে এক হাজার ৭০০ কোটি টাকা। অনুমোদন করা প্রকল্পগুলোর মধ্যে অসমাপ্ত সেতু সমাপ্ত করা ও ইস্টার্ন সেতু উন্নয়ন প্রকল্প সবচেয়ে বড়। বিগত জোট সরকারের আমলে যেসব সেতুর কাজ অসমাপ্ত রেখে ঠিকাদারেরা বিল নিয়ে গিয়েছিলেন, সেসব সেতু সম্পন্ন করার জন্য আরও ২৮০ কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়। তবে এখনো পর্যন্ত মাত্র ১৮ কোটি টাকা ছাড়া হয়েছে ওই প্রকল্পের জন্য।অন্যদিকে ইস্টার্ন সেতু উন্নয়ন প্রকল্পের অধীনে দেশের পূর্বাঞ্চলে ছোট-বড় প্রায় এক হাজার সেতু নির্মাণের লক্ষ্যে ৭৭৩ কোটি টাকার প্রকল্প অনুমোদন করে সরকার। এ প্রকল্পের পরামর্শক নিয়োগের প্রক্রিয়া চলছে। জানতে চাইলে সওজের রক্ষণাবেক্ষণ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (গত সপ্তাহে অবসর প্রস্তুতিকালীন ছুটিতে গেছেন) আফতাব উদ্দিন প্রথম আলোকে বলেন, চাহিদার তুলনায় বরাদ্দ কম বলে লক্ষ্য থাকে জাতীয় ও আঞ্চলিক সড়কগুলো চালু রাখা। এরপর টাকা থাকলে আঞ্চলিক ও জেলা সড়কে বরাদ্দ করা হয়। ঢাকা-ময়মনসিংহ সড়কের রক্ষণাবেক্ষণ চলছে। বড় ধরনের মেরামতে অর্থায়ন পেতে বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা চলছে বলে তিনি জানান।