সারা দেশে সচেতনতা তৈরির উদ্যোগ ব্রিটিশ কাউন্সিলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত হালনাগাদ তথ্য দেশের বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে পর্যন্ত পৌঁছে দিতে একটি বিশেষ প্রচারাভিযানে নামছে ব্রিটিশ কাউন্সিল। এ লক্ষ্যে দেশের ৬৪টি জেলার বিদ্যালয়গুলোতে প্রচারণামূলক কার্যক্রম চালাবে সংস্থাটি। সেই সঙ্গে একটি ওয়েবসাইটের মাধ্যমে বাংলা ভাষায় জলবায়ু-সংক্রান্ত তথ্য প্রচারেরও উদ্যোগ নেওয়া হয়েছে।গতকাল বুধবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে আনুষ্ঠানিকভাবে ‘শ্রেণীকক্ষ থেকে জলবায়ু শিক্ষা’ (ক্লাইমেট ফর ক্লাসরুম) এবং ‘তিন হাজার মাইল যেতে হবে’ (৩০০০ মাইলস টু গো) শীর্ষক দুটি কার্যক্রম শুরুর ঘোষণা দেয় ব্রিটিশ কাউন্সিল। এই উদ্যোগে যুক্তরাজ্যের রয়েল জিওগ্রাফিক্যাল সোসাইটি, ওয়াইল্ড আই ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সহায়তা দিচ্ছে।কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। আরও উপস্থিত ছিলেন প্রচারাভিযানের পরিচালক তানজিবুর রহমান, ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী রোসমেরি আর্নট, বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্ট্যাডিসের নির্বাহী পরিচালক আতিক রহমান প্রমুখ। বন প্রতিমন্ত্রী বলেন, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর অনেক শিক্ষিত মানুষও জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে সচেতন না। রাজনীতিবিদদের মধ্যেও এ ক্ষেত্রে সচেতনতার ঘাটতি আছে। ফলে জলবায়ু পবিরর্তন রোধে বছরের পর বছর বিশ্বের বিভিন্ন শহরে আলোচনা করে যেতে হচ্ছে। আতিক বলেন, জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বের রাজনীতিবিদেরা একমত হতে পারলেই বিপন্ন মানুষের উদ্ধার পাওয়া সম্ভব। তখনই কেবল উন্নত দেশগুলো কার্বন নিঃসরণ কমাবে। রোসমেরি আর্নট তাঁর দাদির একটি উদ্ধৃতি দিয়ে বলেন, জগতে দুই ধরনের মানুষ আছে। এক দল কাজ করবে আর অন্যদল এর কৃতিত্ব নেওয়ার চেষ্টা করবে। প্রথম দলে আসার ক্ষেত্রে প্রতিযোগিতা খুবই কম। তবে দ্বিতীয় দলে প্রচুর মানুষের ভিড়। যারা জলবায়ু পরিবর্তন রোধে কাজ করবে, তাদের প্রথম দলের অন্তর্ভুক্ত হয়ে কাজ করে যেতে হবে।