সারা দেশে সন্ত্রাস প্রতিরোধ কমিটি করবে ১৪ দল
আন্দোলনের নামে সন্ত্রাস ঠেকাতে রাজধানী ঢাকাসহ সারা দেশে ‘সন্ত্রাস প্রতিরোধ কমিটি’ গঠন করবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। এ লক্ষ্যে কাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করবেন ১৪ দলের নেতারা।
গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সংবাদ সম্মেলনে কমিটি গঠনের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে ১৪ দলের অন্যতম শরিক জাসদের কার্যকরী সভাপতি মাঈনুদ্দিন খান বাদল সন্ত্রাস ও নৈরাজ্য মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা প্রসঙ্গে বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে প্রথমে পুলিশ লাঠিপেটা করবে, পরে পায়ে গুলি। তাতেও না হলে প্রয়োজনে বুকে গুলি করা হবে।
সংবাদ সম্মেলনে মোহাম্মদ নাসিম বলেন, দেশ স্বাভাবিক রয়েছে। কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সন্ত্রাসীদের কোনো দল নেই। খালেদার সৈনিকেরা মাঠে নেই। কিন্তু তাঁর সন্ত্রাসীরা মাঠে রয়েছে। এ জন্যই তারা চোরাগোপ্তা হামলা করছে। তিনি বলেন, ‘বিএনপি এখন তৃতীয় শ্রেণির রাজনৈতিক দলে পরিণত হচ্ছে। আমরা প্রশাসনকে আরও কঠোর হতে বলব। তাদের আরও কঠোরভাবে মোকাবিলা করতে হবে। আর বিন্দুমাত্র ছাড় নয়।’
কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগের প্রতিবাদ জানানো হয়। বৈঠকে জোটভুক্ত দলগুলোর নেতারা উপস্থিত ছিলেন।