স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, সারা দেশে সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিদের সর্বশক্তি দিয়ে দমন করবে সরকার। তাদের শাস্তির আওতায় আনা হবে। ধর্মের নামে, ধর্মের মোড়কে কেউ জনগণকে বিভ্রান্ত করতে পারবে না।গতকাল রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসে গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়কালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। মহীউদ্দীন খান বলেন, ‘কানসাট পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে ধ্বংসযজ্ঞ চালানোর ঘটনায় নিন্দা জানানোর ভাষা আমার নেই। যারা সেখানে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তারা দেশের শত্রু, তারা ধর্ম ব্যবসায়ী। তাদের চিহ্নিত করতে হবে।’মতবিনিময় সভায় আরও বক্তৃতা করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক, সাংসদ আবদুল ওদুদ, নারী সাংসদ শওকত আরা বেগম, জেলা পরিষদের প্রশাসক মঈনুদ্দীন মণ্ডল প্রমুখ।মতবিনিময় সভায় বক্তারা অভিযোগ করেন, পল্লী বিদ্যুৎসহ বিভিন্ন স্থানে সহিংসতা চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিষ্ক্রিয় ছিলেন। এসব ঘটনায় দায়ের করা মামলাগুলোয় প্রকৃত দোষী ব্যক্তিদের আসামি করা হয়নি।জবাবে স্বারাষ্ট্রমন্ত্রী বলেন, যদি কিছু ক্ষেত্রে কিছু কর্মকর্তা ব্যর্থতার পরিচয় দিয়ে থাকেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে কিছু কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী এক কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে সদর মডেল থানার নবনির্মিত ভবন উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ।পরে স্বরাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ক্ষতিগ্রস্ত পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় ও পুড়ে যাওয়া বিদ্যুৎ উপকেন্দ্র এবং পুড়ে যাওয়া আবাসিক ও প্রশাসনিক ভবন ঘুরে দেখেন। তিনি শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।