সারা দেশে সার ব্যবসায়ীদের ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সার সরবরাহে পাটের বস্তা ব্যবহারে কড়াকড়ি আরোপ এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করার প্রতিবাদে সারা দেশে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন সার ব্যবসায়ীরা। বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) ডাকে গতকাল মঙ্গলবার থেকে শুরু হয় এ ধর্মঘট।
গত সোমবার থেকে দেশব্যাপী শুরু হয় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পূর্বঘোষিত এ অভিযান। ওই রাতে বিএফএ কেন্দ্রীয় কমিটি এই ধর্মঘটের ডাক দেয়।
দেশের বিভিন্ন জেলা থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর:
চট্টগ্রামে গতকাল সকাল থেকে সার ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়। পাটের বস্তা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই ধর্মঘট চলবে বলে জানিয়েছেন বিএফএ নেতারা। গতকাল কোনো সার কারখানা কিংবা গুদাম থেকে সার খালাস করেনি জেলার মাঝিরঘাট এলাকার সার ডিলাররা।
বিএফএ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও চট্টগ্রাম কমিটির সভাপতি মো. নাছির উদ্দিন বলেন, ‘কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী পাটমন্ত্রীকে চিঠি দিয়ে পাটের বস্তায় সার পরিবহনের বিষয়ে নিষেধাজ্ঞা শিথিল করতে বলেছেন। কিন্তু তারপরও সার পরিবহনের সময় জরিমানা করা হচ্ছে। কারখানা থেকে পলিথিন ব্যাগে সার এসেছে। এখন ওই সার নেওয়ার সময় আমাদের কেন ধরা হবে? বুধবার থেকে আমরা খুচরা ব্যবসায়ীদেরও সার বিক্রি বন্ধ করতে বলব। আমাদের ধর্মঘট চলবে।’
জামালপুরের সরিষাবাড়ীতে প্লাস্টিকের বস্তায় সার দেওয়ায় যমুনা সার কারখানা থেকে গত দুই দিন কোনো সার তোলেননি ডিলাররা। এ অবস্থায় যমুনা সার কারখানা থেকে ১৯ জেলায় সার পরিবহন বন্ধ রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য সার কারখানা থেকে সার উত্তোলন বন্ধ রেখেছেন ডিলাররা। ফলে সাতটি জেলায় সার সরবরাহ বন্ধ রয়েছে। ডিলাররা বলেন, সোমবার বিভিন্ন স্থানে গুদামে আগের প্লাস্টিকের বস্তায় সার থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ডিলারদের হয়রানি ও আর্থিক জরিমানা করা হয়েছে। সরকারি এ সিদ্ধান্ত প্রত্যাহার করা না পর্যন্ত তাঁদের কর্মসূচি অব্যাহত থাকবে।
কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানার কারণে ভৈরবসহ আশপাশের সার ব্যবসায়ীরা বেচাকেনা বন্ধ রেখেছেন। ব্যবসায়ীরা বলেন, সরকারের সিদ্ধান্তে দ্বিমত না থাকলেও প্লাস্টিকের বস্তাভর্তি সার বিক্রি করতে হচ্ছে তাঁদের। কারণ, ব্যবসায়ীরা সার তৈরি করেন না। সরকার নিয়ন্ত্রিত সার কারখানা থেকে তৈরি ও প্যাকেটজাত হয়ে ব্যবসায়ীদের কাছে আসে। এখানে ব্যবসায়ীরা অসহায়। প্রশাসন এটা জেনেও সারা দেশে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানাসহ হয়রানি করছেন। এদিকে কৃষকেরা জানিয়েছেন, রবি ও বোরো মৌসুম চলছে। এই মৌসুমে সারের ব্যাপক চাহিদা। কোনো কারণে সার পেতে বিলম্ব হলে বড় ধরনের বিপর্যয় নেমে আসবে।
লক্ষ্মীপুরে সার ডিলার ও খুচরা ব্যবসায়ীরা জরিমানা ও জেলের ভয়ে মঙ্গলবার সকাল থেকে দোকান বন্ধ রেখেছেন। লক্ষ্মীপুর জেলা সার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. কামরুল ইসলাম বলেন, সারের মধ্যে কেমিক্যাল থাকায় সারের ব্যাগগুলো পাটের ব্যাগ হিসেবে ব্যবহার করলে তা অল্প সময়ে নষ্ট হয়ে যাবে।
ময়মনসিংহে পাটের বস্তার ব্যবহার বাধ্যতামূলক করতে শহর ও আশপাশের এলাকাগুলোতে অভিযান অব্যাহত রয়েছে। গতকাল নির্বাহী হাকিম আল নোমান ও ফরিদা ইয়াসমীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরের চরপাড়া বাজারে অভিযান চালিয়ে পলিথিনের তৈরি বস্তা ব্যবহারের দায়ে তিনজন আড়তদারকে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন।