সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত সাত, আহত ১৩
সারা দেশে গতকাল বুধবার পৃথক সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৩ জন। প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর।শ্রীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভোর চারটার দিকে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সুপারভাইজার প্রকাশ বাড়ৈ (২৬) নিহত হন। তাঁর বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলায়। পিকআপের চালককে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর পরিচয় জানা যায়নি।মাওনা চৌরাস্তা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম জানান, মালবাহী পিকআপটি ময়মনসিংহ ও ট্রাকটি ঢাকার দিকে যাচ্ছিল।এদিকে উপজেলার সাতখামাইর রেলক্রসিংয়ের কাছে বেলা তিনটার দিকে সিএনজিচালিত অটোরিকশা ও ইঞ্জিনচালিত ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষে হাফেজ আবদুল কাদির (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছে আরও একজন। নিহতের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নিগুয়ারী গ্রামে।আহত অজ্ঞাতপরিচয় যাত্রীকে (৩০) প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহত দুজনেই অটোরিকশার যাত্রী।কেরানীগঞ্জ: ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর ভাওর ভিটি এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে দুপুরে বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও চারজন।নিহত ব্যক্তিরা হলো মো. ওয়ালী উল্লাহ ও সাড়ে চার বছরের শিশু ফয়সাল। দুর্ঘটনায় মো. ওয়ালীউল্লাহর স্ত্রী রোকেয়া (৪৫), নিহত শিশু ফয়সালের মা রাশিদা বেগম (৩২), আলমগীর হোসেন (৩০) ও সিএনজিচালিত অটোরিকশার চালক আলী আহমদ (৩০) গুরুতর আহত হন। হতাহত ব্যক্তিরা সবাই সিএনজিচালিত অটোরিকশার আরোহী। আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী বাসটি আটক করে ভাঙচুর করে সেটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় এলাকাবাসী প্রায় তিন ঘণ্টা ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করে রাখে।যাত্রীবাহী বাসটি বরিশাল থেকে ঢাকা আর সিএনজিচালিত অটোরিকশাটি আব্দুল্লাহপুর থেকে সোনাকান্দায় যাচ্ছিল।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার জানান, পুলিশ বাসটি আটক করেছে। বাসের চালক পলাতক।নাসিরনগর: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভুরিশ্বর নামক স্থানে গতকাল দুপুরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও চারজন।প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় আহত মো. লোকমান মিয়া (৫০), মো. সোহেল মিয়া (২২), মো. ইদ্রিস আলী (৬০), আইয়ুব রাজা (৪৫), হারুন মিয়া (৩২) ও মিলন মিয়াকে (৩০) প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে অটোরিকশার যাত্রী মো. লোকমান মিয়া ও মোটরসাইকেল আরোহী সোহেল মিয়াকে ঢাকায় নেওয়ার পথে তাঁরা মারা যান। সোহেল মিয়ার বাড়ি নাসিরনগর উপজেলার ভুরিশ্বর গ্রামে আর মো. লোকমান মিয়ার বাড়ি ফান্দাউক গ্রামে।নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।বাঘাইছড়ি: পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রগুলো জানায়, গতকাল সকাল সাড়ে আটটার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার চার কিলো এলাকায় একটি চান্দের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে। গাড়িটি চার কিলো এলাকা থেকে মারিশ্যা বাজারে যাচ্ছিল।নিহত ব্যক্তির নাম সমপ্রিয় চাকমা (৩২)। তাঁর বাড়ি চার কিলো চকাবাছড়া গ্রামে। আহত ব্যক্তিরা হলেন তুলা চাকমা (৫০), মিলন চাকমা (২২) ও পূরবী চাকমা (৮)।বাঘাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামান বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে।