সারা দেশে হত্যাকাণ্ডে শীর্ষে নরসিংদী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর নরসিংদীতে ১১৫টি হত্যাকাণ্ড হয়, যা সারা দেশে জেলা পর্যায়ে সবচেয়ে বেশি। চলতি বছরেও অব্যাহত আছে একই ধারা। গত দুই মাসে জেলায় ১২টি হত্যাকাণ্ড হয়েছে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের ভাষ্যমতে, হত্যাকাণ্ডের কারণ একাধিক। এর অন্যতম হলো অপরাধীদের জামিন। গ্রেপ্তারের পর দ্রুত জামিনে মুক্তি পাওয়ায় তাঁদের মধ্যে অপরাধভীতি কমছে। ঘটছে আবার হত্যাকাণ্ড। এ ছাড়া মাদক নিয়ে আধিপত্য বিস্তারও হত্যাকাণ্ডের অন্যতম কারণ।এ প্রসঙ্গে উদাহরণ টেনে র‌্যাব-১১-এর নরসিংদী ক্যাম্প কার্যালয়ের কোম্পানি কমান্ডার গোলাম সারোয়ার প্রথম আলোকে বলেন, গত বছরের ১৭ নভেম্বর নরসিংদী শহরের ব্রাহ্মণপাড়া এলাকার ইসলাম মিয়ার ছেলে মাসুম মিয়া খুন হন। এর জের ধরে একই এলাকার ব্যবসায়ী আপেল মাহমুদকে ৪ ফেব্রুয়ারি তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে প্রকাশ্যে গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন একাধিক ডাকাতি মামলার আসামি দেলোয়ার হোসেন। জবানবন্দিতে দেলোয়ার জানান, হত্যাকাণ্ডের কয়েক দিন আগে তিনি জামিনে মুক্তি পান। পরে ব্রাহ্মণপাড়ার ইসলাম মিয়ার স্ত্রী নিলি বেগম আপেলকে হত্যার জন্য তাঁদের ভাড়া করেন। র‌্যাব কর্মকর্তা বলেন, হত্যাকাণ্ডের পর নিলি বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। দেলোয়ারের জবানবন্দিতে হত্যার হুকুমদাতা হিসেবে নাম এলেও পরে জামিনে মুক্তি পান নিলি। নরসিংদীতে গত বছরের আলোচিত হত্যাকাণ্ডের মধ্যে রয়েছে নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ও নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা। এ বছরের উল্লেখযোগ্য হত্যাকাণ্ডের মধ্যে রয়েছে ২০ জানুয়ারি সদর উপজেলার জোনায়েদ টেক্সটাইল মিলের শ্রমিক সালেহা বেগম খুন। ২৬ জানুয়ারি পলাশের ঘোড়াশাল সার কারখানার আবাসিক এলাকায় গলা কেটে হত্যা করা হয় সার কারখানা স্কুল ও কলেজের অষ্টম শ্রেণীর ছাত্রী আদিবা আক্তারকে। ৯ ফেব্রুয়ারি শহরের বাসাইল এলাকায় ছাত্রদলের সভায় বাগিবতণ্ডা ও ধাক্কাধাক্কির জের ধরে ছাত্রদলের কর্মী রিজন মিয়ার বাবা আলমগীর হোসেনকে হত্যা করে দুর্বৃত্তরা। ১২ ফেব্রুয়ারি সদর উপজেলার পাইকারচর ইউনিয়নের উত্তর চর ভাসানিয়া এলাকায় খুন হন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম। ২০ ফেব্রুয়ারি নরসিংদী শহরে নিরাপত্তাকর্মীরা গুলি করে হত্যা করে ইসলামী ব্যাংকের কর্মকর্তা মাহফুজুর রহমানকে। ২৯ ফেব্রুয়ারি শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের ঘাসিরদিয়া গ্রামে বন্ধুর ছুরিকাঘাতে খুন হন আবু সুফিয়ান।৩ মার্চ সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের দড়িপাড়া গ্রামে খুন করা হয় নরসিংদী সরকারি কলেজের ছাত্র সুজন মিয়াকে। সর্বশেষ গত মঙ্গলবার সন্ধ্যায় শহরের পশ্চিম কান্দাপাড়া এলাকায় কাজি রুবেল নামের একজন জুট ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। একের পর এক হত্যাকাণ্ডে হত্যাপ্রবণ জেলা হিসেবে নরসিংদী আত্মপ্রকাশ করলেও তা রোধে নেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর উদ্যোগ। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছে নরসিংদীবাসী।সন্ত্রাসীদের গুলিতে নিহত নরসিংদী পৌরসভার মেয়র লোকমান হোসেনের ছোট ভাই কামরুজ্জামান বলেন, লোকমান হোসেনের হত্যাকারীরা বলতে গেলে আত্মসমর্পণের পরপরই জামিনে মুক্তি পেয়েছে। এ রকম গণহারে জামিন পাওয়ায় খুনিরা আবার হত্যাকাণ্ডে উৎসাহিত হচ্ছে।নরসিংদী সদর আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংসদ নজরুল ইসলাম বলেন, নরসিংদীর আইনশৃঙ্খলার অবস্থা খারাপ। মাদক নিয়ে আধিপত্য বিস্তার, চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাতদের জামিন দেওয়ায় অনেকাংশে অপরাধপ্রবণতা বাড়ছে।একই ধরনের কথা বলেন নরসিংদী শিল্প ও বণিক সমিতির সভাপতি এ কে ফজলুল হক। তিনি বলেন, ‘আমরা নিরাপদে নেই। পুলিশকে আরও সক্রিয় হওয়া উচিত। অপরাধীরা যাতে শাস্তি পায়, তা নিশ্চিত করতে হবে।’গত বছর সারা দেশের মধ্যে নরসিংদী জেলায় সবচেয়ে বেশি হত্যাকাণ্ডের বিষয় নিশ্চিত করে পুলিশ সুপার (এসপি) খন্দকার মহিদ উদ্দিন প্রথম আলোকে বলেন, নরসিংদী আগে থেকেই অপরাধপ্রবণ এলাকা। তারই ধারাবাহিকতায় বর্তমানের হত্যাকাণ্ডগুলো সংঘটিত হচ্ছে। রাজধানীর পাশের জেলা হওয়ায় ঢাকার সন্ত্রাসীরা নরসিংদীতে অবাধে বিচরণ করে এবং বিভিন্ন হত্যাকাণ্ডে অংশ নেয়। এ ছাড়া জেলার শিবপুরের পাহাড়ি অঞ্চলগুলো একসময় সর্বহারাদের অভয়াশ্রম ছিল। দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর তারা আবার বিভিন্ন অপরাধ করছে।পুলিশ সুপার বলেন, জেলার বিশাল এলাকা দুর্গম চরাঞ্চল হওয়ায় তা পুলিশের নজরদারির বাইরে থাকছে। জমির দাম অত্যধিক হওয়ায় জেলাজুড়েই রয়েছে জমিসংক্রান্ত বিরোধ। সামাজিক বৈষম্যের কারণেও অনেক অপরাধ সংঘটিত হচ্ছে।