সারা দেশে হাড় কাঁপানো শীত, চুয়াডাঙ্গায় শিশুর মৃত্যু
গত কয়েক দিনের শৈত্যপ্রবাহের কারণে পঞ্চগড়, নীলফামারী, বগুড়া, পাবনা, চুয়াডাঙ্গাসহ দেশের বিভিন্ন স্থানে শীতের তীব্রতা বেড়েছে। শীতের কারণে বেশি কষ্ট পাচ্ছে গরিব ও দিনমজুর-শ্রেণীর মানুষ। সামর্থ্য না থাকায় তারা কম্বল ও গরম কাপড় কিনতে পারছে না। শীতের কারণে বিভিন্ন এলাকায় বয়স্ক ও শিশুরা ডায়রিয়া, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। চুয়াডাঙ্গায় গতকাল মঙ্গলবার শীতজনিত রোগে একটি শিশু মারা গেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর: চুয়াডাঙ্গা: শীতজনিত রোগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন ইজাতুল নামের ১৬ মাস বয়সী এক শিশু গত মঙ্গলবার ভোরে মারা গেছে। হাসপাতালের ১৫ শয্যার শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে ৩৬ জন রোগী। যার মধ্যে শীতজনিত ডায়রিয়ায় আক্রান্ত ১৯ জন। কয়েক দিন ধরে তীব্র শীত অনুভূত হলেও এখনো সরকারি ও বেসরকারি পর্যায়ে কোনো শীতবস্ত্র বিতরণ না করায় দরিদ্র মানুষেরা বিপাকে পড়েছে। জেলা প্রশাসক ভোলানাথ দে জানান, চুয়াডাঙ্গা জেলার জন্য এক মাস আগে এক হাজার কম্বল পাওয়া গেছে। এসব কম্বল এখনো দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়নি।পঞ্চগড়: এক সপ্তাহ ধরে চলা শৈত্যপ্রবাহ ও উত্তর দিক থেকে আসা হিমেল হাওয়ার কারণে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। বিশেষ করে জেলার তিন লাখ দুস্থ মানুষ বেশি বিপাকে পড়েছে। এর মধ্যে তেঁতুলিয়ার ৩০ হাজার পাথর সংগ্রহকারী শ্রমিক অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন। সদর উপজেলা থেকে পূর্ব দিকে ১৬ কিলোমিটার দূরে কুরুম নদীর পাড়ে মাটিয়াপাড়া গ্রাম। এই গ্রামে ২০০ ঘরে প্রায় ৫০০ লোকের বাস। ১০-১২টি ঘর ছাড়া সবাই ভূমিহীন। গত সোমবার এই গ্রামে গিয়ে দেখা গেছে, শীতে এসব গরিব মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। গ্রামের এক বৃদ্ধ বলেন, ‘জারে মরে যাছি, এই বার জারে হামেরা বাঁচিবা নিহি, হামাক বাঁচাও বারে।’ শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণের জন্য জেলা প্রশাসক গত সোমবার সন্ধ্যায় জরুরি সভা করেছেন। সভায় জেলা প্রশাসক বনমালী ভৌমিক জানান, ৬০ হাজার শীতবস্ত্র পেলে জেলার দুস্থ মানুষদের চাহিদা মেটানো যাবে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, ১০ হাজার কম্বল ও স্থানীয়ভাবে শীতবস্ত্র কিনে বিতরণের জন্য ১০ লাখ টাকা চেয়ে দুই দফায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ফ্যাক্স পাঠানো হয়েছে। নীলফামারী: শীতের কারণে জেলায় শীতজনিত ডায়রিয়া ও শ্বাসকষ্ট রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সরকারিভাবে জেলায় তিন হাজার কম্বল বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। রোববার নীলফামারী সদর হাসপাতালের ১০ শয্যার ডায়রিয়া ওয়ার্ডে নয় শিশুসহ ১২ জন চিকিৎসা নেয়। শিশু ওয়ার্ডে ১০টি শিশু শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে চিকিৎসা নেয়। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, গত মাসে জেলার ছয় উপজেলায় তিন হাজার কম্বল দেওয়া হয়েছে। আরও ১০ হাজার কম্বলের চাহিদাপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।আদমদীঘি (বগুড়া): সান্তাহার শহরের পাশের দমদমা গ্রামের দিনমজুর আজাদ জানান, প্রচণ্ড শীতের জন্য তিন দিন ধরে কোনো কাজকর্ম হয়নি, এ কারণে ছেলেমেয়ে নিয়ে অনেকটা না খেয়ে থাকতে হচ্ছে। সান্তাহার জংশন রেলস্টেশন এলাকায় ভিক্ষা করেন মজিরন বিবি। তিনি বলেন, ‘বাবারে, শীতে আর বাঁচবার পারিচ্ছি না। ভিক্ষা করা কিছু খাবার পাই। কিন্তু শীতের কাপড় না থাকায় খুব কষ্টেত আছি। ছালা গায়োত দিয়া স্টেশনে শুয়া থাকি।’ ঈশ্বরদী (পাবনা): ‘শীতে শরীল ভাইঙ্গা চুইর্যা নেয়, ল্যাপের তলায় শুইয়া থাহি তাও ওম ধরে না, খোলা ময়দানে থাহি দ্যাহার কেউ নাইকা’—প্রচণ্ড শীতে কেমন আছেন জানতে চাইলে ৭৫ বছরের বৃদ্ধা জরিনা খাতুন এসব কথা বলেন। উপজেলার সাহেবনগর চরে হতদরিদ্র ৩০০ পরিবার বাস করে। এবারের তীব্র শীতে সাহেবনগর চরের এই মানুষগুলো ভীষণ কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। চরের লোকজন জানায়, সরকারিভাবে এই চরে এখনো কেউ শীতবস্ত্র বিতরণ করতে আসেনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন জানান, এক হাজার কম্বলের জন্য একটি চাহিদাপত্র তৈরি করে রোববার জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।