সারা দেশে ২৬৭ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় ১২ মার্চ বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের মহাসমাবেশকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৬৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশের ভাষ্যমতে, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এই গ্রেপ্তার অভিযান চালানো হয়।অন্যদিকে বিএনপি ও জামায়াতের নেতাদের অভিযোগ, ১২ মার্চের কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে চারদলীয় জোটের নেতা-কর্মীদের ওপর পুলিশি হয়রানিসহ নানা নির্যাতন করা হচ্ছে। এরই অংশ হিসেবে দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে।চট্টগ্রাম: বৃহস্পতিবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ বিএনপি ও জামায়াতের ৩০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে আটজন গতকালই জামিনে মুক্তি পেয়েছেন।বাগমারা (রাজশাহী): বাগমারা থানার পুলিশ বৃহস্পতিবার অভিযান চালিয়ে জামায়াতের এক কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।ক্ষেতলাল (জয়পুরহাট): গত বুধবার রাতে ক্ষেতলাল থানার সীমানাপ্রাচীরে ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচির পোস্টার সাঁটানোর সময় পুলিশ বিএনপির তিন কর্মীকে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে গাছ চুরির মামলা দেওয়া হয়েছে। খুলনা: খুলনার বিভিন্ন এলাকা থেকে পুলিশ গতকাল নগর ছাত্রশিবিরের সভাপতিসহ আটজন, দাকোপ উপজেলা থেকে বিএনপি, ছাত্রদল, জামায়াতের ১৫ এবং কয়রা উপজেলা থেকে দুজনকে আটক করেছে। কুষ্টিয়া: বৃহস্পতিবার দিবাগত রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত কুষ্টিয়া মডেল থানায় তিনজন, ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় ছয়, ভেড়ামারায় দুই, মিরপুরে দুই, দৌলতপুরে দুই, কুমারখালীতে ১৪ এবং খোকসা থানায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের সবাই বিএনপি ও জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত।মেহেরপুর: বৃহস্পতিবার রাতে ও গতকাল মেহেরপুরে বিএনপি ও শিবিরের ২৪ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে জেলা জামায়াতের আমির ছমির উদ্দিনের ছেলে তারিকুল ইসলাম ও গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবিউল ইসলামও রয়েছেন।নোয়াখালী: পুলিশ সূত্র জানায়, সুধারাম থানায় ১২ জন, কোম্পানীগঞ্জে চার, বেগমগঞ্জে তিন, সোনাইমুড়ীতে তিন, সুবর্ণচরের চরজব্বারে তিন, কবিরহাটে দুই, চাটখিলে এক এবং হাতিয়া থানা এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ সুপার (এসপি) হারুন-উর-রশিদ হাযারী বলেন, ‘১২ মার্চের মহাসমাবেশকে পুঁজি করে কেউ যাতে এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য এ অভিযান চালানো হয়েছে।’সাতক্ষীরা: সাতক্ষীরায় বিএনপির ও জামায়াতের ১৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ভৈরব: কিশোরগঞ্জের ভৈরব উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমানকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার শিবিরের নেতা ফাইজুল আমিনকে গ্রেপ্তার করা হয়।অন্যদিকে বুধবার রাতে বাজিতপুর থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাড়াইল: কিশোরগঞ্জের তাড়াইলে বৃহস্পতিবার গভীর রাতে জামায়াতের তিন নেতাকে গ্রেপ্তার করেছে তাড়াইল থানার পুলিশ।পটুয়াখালী: পুলিশ জানায়, গতকাল দুপুরে দশমিনা উপজেলা সদর থেকে আলহাদ নামের যুবদলের এক নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া একই সময় বাউফল উপজেলা থেকে জামায়াতের নেতা শাহ আলমকে এবং নুরাইনপুর এলাকা থেকে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন তালুকদারকে পুলিশ গ্রেপ্তার করে।কলাপাড়া থানার পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে উপজেলা শহরে থেকে বিএনপির দুই কর্মীকে গ্রেপ্তার করে। এ ছাড়া সদর থানার পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে বিএনপির চার কর্মীকে গ্রেপ্তার করে।নেত্রকোনা: মদন উপজেলায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে বিএনপির পাঁচ কর্মীকে গ্রেপ্তার করা হয়।নড়াইল: নড়াইলে বৃহস্পতিবার রাতে যুবদলের তিন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।সুনামগঞ্জ: জেলা ছাত্রশিবিরের সভাপতি দেলোয়ার হোসেন ও প্রচার সম্পাদক মিজানুর রহমানকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে।ঝালকাঠি: রাজাপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি হেমায়েত উদ্দিনকে গতকাল গ্রেপ্তার করেছে পুলিশ।বাগেরহাট: বাগেরহাট সদর ও চিতলমারী থানার পুলিশ বৃহস্পতিবার স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের চার নেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকও রয়েছেন।গাজীপুর: বৃহস্পতিবার রাতে গাজীপুরের টঙ্গীতে বিএনপির নয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া জয়দেবপুর থানা এলাকায় গাজীপুর পৌর শ্রমিক দলের সভাপতি মো. নজরুল ইসলামসহ ছাত্রদল ও যুবদলের আট নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়।বৃহস্পতিবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত পুলিশ কালিয়াকৈর উপজেলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে।কিশোরগঞ্জ: বৃহস্পতিবার গভীর রাতে কিশোরগঞ্জের কটিয়াদী ও সদর উপজেলা থেকে বিএনপি ও জামায়াতের সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে কটিয়াদী পৌর বিএনপির সহসভাপতি নুরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমানও রয়েছেন।বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলায় ছাত্রলীগের এক নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার রাতে বিএনপির ৫৯ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়। পরে ওই মামলার তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।শরীয়তপুর: শরীয়তপুরে বিএনপির পাঁচজন ও জামায়াতের তিনজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন: জেলা ছাত্রশিবিরের সভাপতি শাহজালাল চৌধুরী ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, ডামুড্যা উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মাদবর।ফুলবাড়ী (দিনাজপুর): দিনাজপুরের ফুলবাড়ী থানার পুলিশ বৃহস্পতিবার রাতে জামায়াত-শিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে ফুলবাড়ী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. শামীম ইসলামও রয়েছেন। সাভার: বৃহস্পতিবার রাতে ঢাকার ধামরাই, সাভার ও আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ বিএনপি ও জামায়াতের ১৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে ধামরাইয়ে সাতজন, আশুলিয়ায় ছয় এবং সাভারে তিনজনকে গ্রেপ্তার করা হয়।মানিকগঞ্জ: মানিকগঞ্জে বিএনপির পাঁচ নেতা-কর্মী ও সমর্থককে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে জেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আসলাম হোসেনও রয়েছেন। বৃহস্পতিবার রাতে ও গতকাল পুলিশ তাঁদের আটক করে। কক্সবাজার: শহরের টেকপাড়া এলাকায় বৃহস্পতিবার অভিযান চালিয়ে ছাত্রশিবিরের ১১ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোনারগাঁ (নারায়ণগঞ্জ): নাশকতার আশঙ্কায় গত দুই দিনে উপজেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি ও জামায়াতে ইসলামীর ১০ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের পরিবারের অভিযোগ, বিএনপির ১২ মার্চের পোস্টার সাঁটানোর সময় পুলিশ অন্যায়ভাবে তাদের আটক করে।