সারা দেশে ৫৭৭ যুদ্ধাপরাধ মামলা

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, একাত্তরের মানবতাবিরোধী অপরাধে সারা দেশে ৫৭৭টি মামলা করা হয়েছে। এর বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বর্তমানে ১০টি মামলার বিচার কার্যক্রম চলছে। এর মধ্যে চারটি মামলার রায় অপেক্ষাধীন আছে।
আজ সোমবার জাতীয় সংসদে ফেনী-২ আসনের সাংসদ নিজামউদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ তথ্য জানান।
আনিসুল হক জানান, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে এযাবত্ সারা দেশে ৫৭৭টি মামলা হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ১১২, চট্টগ্রামে ৮৪, রাজশাহীতে ৬৬, খুলনায় ১৮৪, সিলেটে ৫০, বরিশালে ৫১ ও রংপুরে ৩০টি মামলা করা হয়।
মন্ত্রী জানান, এ পর্যন্ত রায় প্রদানের মাধ্যমে নয়টি ও একজন আসামির মৃত্যুর কারণে ১০টি মামলার আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত সমাপ্তি ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল। বর্তমানে দুটি ট্রাইব্যুনালে ১০টি মামলার বিচার কার্যক্রম চলছে।
পারিবারিক আদালতে অর্ধলক্ষাধিক মামলা
নারায়ণগঞ্জ-১ আসনের সাংসদ গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, দেশের পারিবারিক আদালতে বর্তমানে বিচারাধীন মামলার সংখ্যা মোট ৫৭ হাজার ১৮৫টি। মামলার দ্রুত নিষ্পত্তির ব্যাপারে শিগগির বিচার বিভাগের সঙ্গে আলোচনার মাধ্যমে পদক্ষেপ নেবে সরকার।