সারা দেশে ‘১০৯৮’ নম্বরের শিশু সহায়তা লাইন চালুর দাবি
নির্যাতিত ও বিপদগ্রস্ত শিশুদের সহায়তায় চালু হওয়া ‘১০৯৮’ নম্বরটিতে সব মুঠোফোনের সঙ্গে সংযোগ এবং নম্বরটি সারা দেশে ছড়ানোর দাবিতে গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়েছে। বিশ্ব টেলিযোগাযোগ ও ‘হেলপ লাইন’ দিবস উপলক্ষে অপরাজেয়-বাংলাদেশ এই মানববন্ধনের আয়োজন করে। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, অপরাজেয়-বাংলাদেশ সরকারের সহায়তায় নির্যাতিত ও অসুস্থ শিশুদের তাৎক্ষণিক সহায়তায় ‘১০৯৮’ নম্বরের একটি শিশু সহায়তা লাইন চালু করে। পুরান ঢাকাসহ আটটি থানায় এই লাইনের কার্যক্রম চলছে। যেকোনো নির্যাতিত ও অসুস্থ শিশুর জন্য সহায়তা চেয়ে এই ‘১০৯৮’ নম্বরে ফোন দিলে সংস্থার সমাজকর্মীরা ওই শিশুর সহায়তায় এগিয়ে আসে। ওই নম্বরে ফোন করতে কোনো অর্থ বহন করতে হয় না। কিন্তু এই সেবা শুধু টিঅ্যান্ডটি ফোন থেকেই পাওয়া যায়। কোনো বেসরকারি মুঠোফোনে এর সংযোগ নেই। সমাবেশে বক্তব্য দেন, অপরাজেয়-বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার আমিনুল ইসলাম, ফরিদা ইয়াসমীন, জাহেদুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।