সারা দেশের জয়িতারা পেলেন সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা প্রতিকূলতা সত্ত্বেও তাঁরা স্বাবলম্বী হয়েছেন, অন্যদেরও পথ দেখিয়েছেন। কেউ কেউ শিক্ষা ও চাকরিক্ষেত্রে পেয়েছেন সফলতা। দারিদ্র্য ও অন্যান্য সামাজিক প্রতিকূলতা জয় করে একক চেষ্টায় সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করেছেন। তাঁরা নির্যাতিত হয়েও দমে যাননি। নবোদ্যমে নতুন জীবন শুরু করেছেন। সমাজের উন্নয়নে অসামান্য অবদান রেখে চলেছেন তাঁরা।
সমাজের সব বাধাবিপত্তি অতিক্রম করে জয়ী সেই সব নারীর প্রতীকী একটি নাম—জয়িতা। সারা দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সেই সব জয়িতাকে গতকাল সোমবার বেগম রোকেয়া দিবসে সম্মাননা জানিয়েছে মহিলাবিষয়ক অধিদপ্তর। অধিদপ্তরের ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় প্রতি জেলা ও উপজেলায় পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন জয়িতাকে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও ফুলের তোড়া দেওয়া হয়।
কিছুদিনের মধ্যে জেলা পর্যায়ের জয়িতাদের যাচাই-বাছাই করে বিভাগীয় পর্যায়ে মনোনীত করা হবে। পরে তাঁদের জন্য সংবর্ধনা অনুষ্ঠান ও অভিজ্ঞতা বিনিময় সভার আয়োজন করা হবে। ১৮ ডিসেম্বর থেকে অনুষ্ঠান শুরু হয়ে ১০ জানুয়ারি শেষ হওয়ার কথা রয়েছে। সাতটি বিভাগীয় শহরে অনুষ্ঠানগুলো হবে। ওই সাতটি অনুষ্ঠানের সাতটি ক্রোড়পত্র প্রকাশ করবে প্রথম আলো।
পাঁচটি ক্যাটাগরিতে সম্মাননা পেলেন যাঁরা: সারা দেশেই সম্মাননা জানানো হয়। এর মধ্যে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করায় সম্মাননা পেয়েছেন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সহিদা বেগম, মাগুরার মহম্মদপুরের শিরিনা খাতুন, গাজীপুরের কালীগঞ্জের লিলি বেগম, ফরিদপুরের সালথার লিপি বেগম, কুমিল্লার বুড়িচংয়ের মারুফা ইয়াসমিন, কুড়িগ্রাম সদরের ফাল্গুনী তরফদার, নরসিংদী সদরের ছফুরা বেগম ও পঞ্চগড়ের জয়গুন বেগম।
শিক্ষা ও চাকরিক্ষেত্রে সফল হওয়ায় সম্মাননা পেয়েছেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাহবুবা বেগম, মাগুরার শালিখার শম্পা বিশ্বাস, গাজীপুরের কাপাসিয়ার সুফিয়া বেগম, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার লাবনী আক্তার, কুমিল্লার বুড়িচংয়ের ফিরোজা বেগম, কুড়িগ্রাম সদরের কমলা রাণী পাল, নরসিংদীর শিবপুরের শাহনেওয়াজ দিলরুবা খান ও পঞ্চগড়ের জাহানারা বেগম।
সফল জননীর সম্মাননা পেয়েছেন দিনাজপুর সদর উপজেলার নুরুন্নাহার হেনা, মাগুরা সদরের রওশনারা বেগম, গাজীপুর সদরের মনোয়ারা বেগম, ফরিদপুরের আলফাডাঙ্গার রাবেয়া বেগম, কুমিল্লার বরুড়ার নীলুফার রহমান, কুড়িগ্রামের চিলমারীর ফিরোজা বেগম, নরসিংদী সদরের মমতাজ বেগম ও পঞ্চগড়ের আহসান সাবেরা কামাল।
নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নবোদ্যমে জীবন শুরু করায় সম্মাননা পেয়েছেন দিনাজপুরের বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের নিলীমা রানী, মাগুরার শ্রীপুরের দীপা খাতুন, গাজীপুরের শ্রীপুরের ময়না আক্তার, ফরিদপুরের ভাঙার ফাতেমা বেগম, বুড়িচংয়ের জাহানারা বেগম, কুড়িগ্রাম সদরের লিলি বেগম, নরসিংদী বেলাবর নাজরীন হক ও পঞ্চগড়ের মিলি আক্তার।
সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় সম্মাননা পেয়েছেন দিনাজপুরের কাহারোল উপজেলার আছিয়া খাতুন, মাগুরার শালিখার রেহানা খাতুন, গাজীপুরের কালিয়াকৈরের করুণাময়ী, ফরিদপুরের আলফাডাঙ্গার সুফিয়া বেগম, কুমিল্লা নগরের অশোকতলার নিলুফা ইয়াসমিন, কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কল্পনা বেগম, বেলাবর রাবেয়া খাতুন ও পঞ্চগড়ের সুলতানা মাহফুজুন নাহার।
[প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা]