সারা দেশের সঙ্গে উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় গতকাল শনিবার ভোর ছয়টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। ফলে ঢাকাসহ সারা দেশের সঙ্গে উত্তরাঞ্চলের ১১ জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে করে চরম দুর্ভোগে পড়েছে এই জেলাগুলোর যাত্রীরা। বগুড়ার শেরপুরে গতকাল রাতে সিরাজগঞ্জ ও বগুড়ার পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের বৈঠক হয়। বৈঠক শেষে রাত পৌনে ১১টায় বগুড়ার মালিক-শ্রমিকেরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।বগুড়া মোটর মালিক গ্রুপ সূত্রে জানা গেছে, সম্প্রতি বগুড়ার দ্বিতীয় বাইপাস সড়ক উদ্বোধনের পর ২২ জুলাই জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বগুড়া ও রংপুর পরিবহন মালিক ও শ্রমিকনেতাদের সভা হয়। সভায় ঢাকাসহ অন্য সব অঞ্চলের মোটরযান দ্বিতীয় বাইপাস সড়ক দিয়ে এবং অভ্যন্তরীণ পথের যানবাহনগুলো প্রথম বাইপাস সড়ক দিয়ে চলাচল করতে পারবে বলে সিদ্ধান্ত হয়। কিন্তু সিরাজগঞ্জ পরিবহন মালিক ও শ্রমিকনেতারা এ সিদ্ধান্ত মেনে নিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে দ্বন্দ্বের জের ধরে গত শুক্রবার সিরাজগঞ্জের পরিবহন শ্রমিকেরা সড়কের চান্দাইকোনা এলাকায় বগুড়ার এক শ্রমিককে মারধর করে এবং বগুড়ার গাড়ি চলাচলে বাধা দেয়। এ ঘটনার প্রতিবাদে ওই দিন সংবাদ সম্মেলন করে বগুড়া মোটর মালিক গ্রুপ ও শ্রমিক ইউনিয়ন ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘটের কারণে বগুড়া থেকে দূরপাল্লার কোনো বাস রাজাধানী ঢাকাসহ অন্য কোনো জেলার উদ্দেশে ছেড়ে যায়নি। এ ছাড়া রংপুর, দিনাজপুর, নওগাঁ ও জয়পুরহাটসহ উত্তরাঞ্চলের ১১টি জেলার কোনো পরিবহন বগুড়ার ওপর দিয়ে যেতে পারেনি। দিনাজপুর অফিস জানায়, দিনাজপুর থেকে রাজধানী ঢাকাসহ অন্য অঞ্চলগামী কয়েক শ যাত্রী চরম দুর্ভোগের শিকার হয়েছে। রাজধানীর হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া রূপসানা পারভীন ক্ষোভ প্রকাশ করে বলেন, ফল প্রকাশের পরের দিন তিনি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে দিনাজপুরে এসেছিলেন। ঢাকায় ফেরার জন্য তিনি আগে থেকে টিকিট কেটে রেখেছিলেন। কিন্তু (গতকাল) দুপুরে শহরের কালিতলা বাস টার্মিনালে এসে জানতে পারেন, পরিবহন ধর্মঘটের কারণে বাস চলাচল বন্ধ রয়েছে।