সারা দেশের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ এখনো বন্ধ
দুটি ট্রেন দুর্ঘটনার কারণে এখনো চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকালের আগে তা চালু হওয়ার হওয়ার সম্ভাবনা কম। ফৌজদারহাট রেলস্টেশন মাস্টার শাহ আলম চৌধুরী আজ বুধবার রাতে এ তথ্য জানিয়েছেন। ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
আজ বুধবার চট্টগ্রামের পাহাড়তলীতে মহানগর গোধূলির চারটি বগি লাইনচ্যুত ও সীতাকুণ্ডের ফৌজদারহাটে মালবাহী একটি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ঘটনায় সারা দেশের সঙ্গে চট্টগ্রামের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ফৌজদারহাট রেলস্টেশন মাস্টার আজ রাত সোয়া আটটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘পাহাড়তলীতে দুর্ঘটনা কবলিত বগিগুলো রাতের মধ্যে সরানোর চেষ্টা চলছে। উদ্ধার প্রক্রিয়া শেষ করতে আগামীকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত লাগতে পারে। উদ্ধার কাজ শেষ হলে সকালের দিকে পুনরায় ট্রেন চলাচল শুরু হবে।’ এখন চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে জানান তিনি।
রাত সাড়ে আটটায় পূর্বাঞ্চল রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখার প্রথম আলোকে বলেন, বগি উদ্ধারে কাজ চলছে। উদ্ধারের পরই রেল যোগাযোগ স্বাভাবিক হবে।
রেলের কর্মকর্তারা জানান, দুর্ঘটনার পর বিকেল পাঁচটায় চাঁদপুরগামী মেঘনা ট্রেন এখনো চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়নি। রাত পৌনে ১০টায় সিলেটগামী উদয়ন এক্সপ্রেস এবং রাত ১১টায় ঢাকাগামী তূর্ণা-র নির্ধারিত সময়ে চট্টগ্রাম স্টেশন ছেড়ে যাওয়া নিয়ে সংশয় রয়েছে।
বিকেলে পাহাড়তলীতে দুর্ঘটনার পর ঘটনাস্থলে বিভাগীয় রেল ব্যবস্থাপক (ডিআরএম) মঞ্জুরুল আলম চৌধুরী সাংবাদিকদের জানান, সকালে সীতাকুণ্ডে দুর্ঘটনার পর পাহাড়তলী থেকে ফৌজদারহাট পর্যন্ত আপ লাইনের পরিবর্তে ডাউন লাইনে ট্রেন চালানো হচ্ছিল। বিকেলে পাহাড়তলীতে দুর্ঘটনার এক ঘণ্টা পর লাইনচ্যুত হওয়া চারটি বগি রেখে বাকি ১৪টি বগি নিয়ে ট্রেনটি ঢাকায় রওনা হয়।
এদিকে দুর্ঘটনায় রাসেল নামে আহত এক যাত্রী চট্টগ্রাম মেডিকেল থেকে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর।
এদিকে রেল দুর্ঘটনার ঘটনায় রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখারকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন ডিআরএম মঞ্জুরুল আলম চৌধুরী।