সারা পৃথিবীর বাঙালিদের একত্রে গেঁথেছিলেন বঙ্গবন্ধু

আকাশবাণী রেডিওর সংবাদ বিচিত্রার সাবেক প্রযোজক সাংবাদিক উপেন তরফদার বলেছেন, সারা পৃথিবীর বাঙালিকে একত্রে গেঁথেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনিই বাঙালি জাতির অস্তিত্বের এক মহান কারিগর। আজ বিশ্বে তাঁরই অনুপ্রেরণায় বাঙালিরা মাথা উচু করে দাঁড়াতে পেরেছে। বাংলা ভাষা বিশ্ব দরবারে আসন পেয়েছে। তাই বঙ্গবন্ধুই বাঙালিদের গর্ব, পথপ্রদর্শক।
স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আজ সোমবার বিকেলে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কেপি বোস মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপেন তরফদার বলেন, ৭১ এর সেই উত্তাল দিনগুলিতে সংবাদ বিচিত্রায় বাঙালিদের বীরত্বগাথা প্রচার করতে পেরে তিনি ধন্য হয়েছিলেন। তিনি সংবাদ বিচিত্রায় মুক্তিযুদ্ধে নানা গান প্রচারের দিনগুলির কথা স্মরণ করেন।
কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ হাইকমিশনার জকি আহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক সুখরঞ্জন দাসগুপ্ত, অধ্যাপক আশিস মজুমদার ও অধ্যাপক সুচেতা ঘোষ প্রমুখ।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু না জন্মালে বাংলাদেশের জন্ম হতো না। বিশ্বের বুকে বাংলাভাষাও আসন করে নিতে পারত না। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের মধ্য দিয়ে যে বাংলাভাষার আন্দোলন শুরু হয়েছিল ৭১ সালে স্বাধীনতার আন্দোলনের মধ্য দিয়ে তা পূর্ণতা পায়।