সারা বছর কমদামে সবজি পাওয়া যাচ্ছে: কৃষিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, দেশে এখন সারা বছর সবজি হচ্ছে। সবজি উৎপাদনে বাংলাদেশ বিশ্বে এখন তৃতীয়। বাংলাদেশ এখন সবজি রপ্তানিও করছে। সারা বছর কমদামে বাজারে সবজি পাওয়া হচ্ছে।

আজ রোববার রাজধানীর খামারবাড়ির আ ক ম গিয়াসউদ্দিন মিল্কি মিলনায়তনে ‘জাতীয় সবজি মেলা ২০১৬ ও সবজি প্রদর্শনী’ উদ্বোধনী অনুষ্ঠানে কৃষিমন্ত্রী এ কথা বলেন।

ডোনার বা দাতাদেশগুলোর উদ্দেশে কৃষিমন্ত্রী বলেন, ডোনার বা দাতাদের কথা অভ্রান্ত নয়। তাদেরও ভুল হয় এবং তাদের এই ভ্রান্তির মাশুল বাংলাদেশের মানুষকেই দিতে হয়। দাতাদের নিজেদের অভ্রান্ত মনে করার অবস্থান থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।

সবজিতে কীটনাশকের ব্যবহার প্রসঙ্গে মতিয়া চৌধুরী বলেন, এ সমস্ত কীটনাশক আসে পশ্চিমা দেশ থেকে। ফলে এ কীটনাশকের কারণে দেশের মানুষের কোনো ক্ষতি হলে এর দায়দায়িত্ব পশ্চিমা দেশগুলোর। পোকার আক্রমণ হয় না এবং কীটনাশক যাতে ব্যবহার কম লাগে সে জন্য বিটি (বায়োটেকনোলজি বা জৈব প্রযুক্তিতে উৎপাদিত) বেগুনসহ অন্যান্য সবজি উৎপাদনের দিকে গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি। তিনি বলেন, আজ বাংলাদেশ সবজি উৎপাদনে যে এত দূর এগিয়েছে তার প্রধান কারণ হাইব্রিড সবজি চাষ। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে এটি চালু করেছিল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, ১৯৭১ সালের পরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসে বলেছিলেন ‘বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি’। সে তলা আজ শক্ত হয়েছে। সে ঝুড়ি উপচে খাদ্য পড়ছে, যা এখন বিদেশে রপ্তানি হচ্ছে। দেশের এসব ইতিবাচক দিক বিজ্ঞ সমাজ ও গণমাধ্যমে প্রচার হয় না বলে তিনি অভিযোগ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের সচিব শ্যামল কান্তি ঘোষ। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. শহীদুর রশিদ ভুঁইয়া।

রাজধানীর খামারবাড়ির আ ক ম গিয়াসউদ্দিন মিল্কি মিলনায়তনের সামনের চত্বরে আজ থেকে এই মেলা চলবে মঙ্গলবার পর্যন্ত। মেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি উন্নয়ন করপোরেশনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার স্টল রয়েছে। মেলা সবার জন্য উন্মুক্ত। কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।