সারা বছরই নষ্ট থাকে টেলিফোন লাইন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা টেলিফোন এক্সচেঞ্জে এক যুগ ধরে জনবল-সংকট চলছে। বর্তমানে এটি চলছে দৈনিক মজুরিভিত্তিক একজন কর্মচারী দিয়ে। এ কারণে সেবা পাচ্ছেন না গ্রাহকেরা। বিরক্ত হয়ে অনেকেই আবেদন করে লাইন বন্ধ করিয়ে নিয়েছেন।এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, কলরেট কম হওয়া ও সংযোগ সহজ হওয়ার কারণে ল্যান্ডফোনের প্রতি মানুষের আগ্রহ রয়েছে। কিন্তু তাহিরপুর এক্সচেঞ্জ থেকে গ্রাহকসেবা না পাওয়ায় এবং গ্রাহকদের লাইন বছরের পর বছর খারাপ থাকার কারণে লোকজন আগ্রহ হারিয়েছে।জানা যায়, ২০০৭ সালে কোটি টাকা ব্যয়ে উপজেলা পরিষদ এলাকায় অবস্থিত উপজেলা এক্সচেঞ্জটি ডিজিটাল হিসেবে উন্নীত করা হয়। এই এক্সচেঞ্জের মাধ্যমে সংযোগের ক্ষমতা রয়েছে ২৫০টি। কিন্তু উপজেলায় সব সরকারি-বেসরকারি কার্যালয় ও আবাসিক এলাকাসহ মোট সংযোগ রয়েছে ৭০টি। এর মধ্যে ৫০টি উপজেলা পরিষদও এর সংলগ্ন এলাকায়। কিন্তু এসব সংযোগও বছরের অধিকাংশ সময় নানা কারণে বিকল থাকে। আর এর বাইরে যাঁরা সংযোগ নিয়েছেন সেগুলো বছরব্যাপী নষ্ট রয়েছে। এক্সচেঞ্জসংলগ্ন তাহিরপুর বাজারের সীতেশ রায় ট্রেডার্সের মালিক সমীরণ রায় বলেন, বছরের অধিকাংশ সময় লাইন খারাপ থাকে। উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান বলেন, কমপক্ষে বছরের তিন মাস লাইন নষ্ট থাকে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান জানান, বছরের অধিকাংশ সময় তাঁর লাইন খারাপ থাকে।এক্সচেঞ্জ থেকে আধা কিলোমিটার দূরত্বে অবস্থিত উজান তাহিরপুর গ্রামের টেলিফোন গ্রাহক মনজুর আহমদ বলেন, দেড় বছর আগে সংযোগ নিয়েছেন, কিন্তু এক দিনও ঠিকমতো কথা বলতে পারেননি। বর্তমানে এক বছর ধরে লাইনটি বিকল রয়েছে। একই গ্রামের ব্যবসায়ী মিয়া হোসেন বলেন, ‘দুই বছর আগে সংযোগ নিয়েছিলাম। কিন্তু বছরব্যাপী লাইন বিকল থাকায় তা আবেদন করে বন্ধ করে দিয়েছি।’তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আনোয়ার হোসেন জানান, বছরের অধিকাংশ সময় তাঁর টেলিফোন খারাপ থাকায় ফ্যাক্সও বন্ধ থাকে। এ নিয়ে তিনি সমস্যায় রয়েছেন। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে হাওরপাড়ের এ এক্সচেঞ্জটি আশীর্বাদ না হয়ে এখন অন্তরায় হয়ে উঠেছে। চেষ্টা করেও এক্সচেঞ্জের লোকজনকে পাওয়া যায় না।এক্সচেঞ্জের একমাত্র কর্মচারী ফজলু মিয়া বলেন, ‘আমি চেষ্টা করেও সবকিছু ঠিক রাখতে পারছি না।’ সুনামগঞ্জ এক্সচেঞ্জের সহকারী প্রকৌশলী বিকাশ চৌধুরী বলেন, ‘বিষয়টি আমার এভাবে জানা ছিল না। এক সপ্তাহের মধ্যে আমি সমস্যার সমাধান করব।’