সারা রাত উৎসবমুখর পুরান ঢাকা
ঘড়ির কাঁটা বলছে রাত পৌনে তিনটা। কিন্তু পরিবেশ দেখে মনে হচ্ছে, সবে সন্ধ্যা নেমেছে। পুরান ঢাকার ঠাটারীবাজারের সেই সরু গলিতে ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি ঠেকেছে নবাবপুরে মূল সড়কে। বটতলার কাছাকাছি অবস্থিত হোটেল স্টারে দলে দলে মানুষ ঢুকছে। সমাগত ভোজনরসিকদের আলাপচারিতায় গমগম করছে ভেতরটা।
গত বৃহস্পতিবার শেষ রাতে ঠিক এমন চিত্র দেখা গেল নর্থ সাউথ রোড ও রায়সাহেব বাজার এলাকার আরও কয়েকটি রেস্তোরাঁর সামনে। শেষ রাতের এই উৎসবমুখর পরিবেশ হয়তো কেবল পুরান ঢাকাতেই সম্ভব!
কে নেই এই উৎসবে! স্টারে ঢুকতে গিয়ে দেখা গেল, সাবেক এক মন্ত্রী সপরিবারে এসেছেন ভূরিভোজে। ভেতরে তখন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক, বহুজাতিক বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক, পুলিশের বড় কর্তা এমনকি কয়েকজন ভিনদেশিরও দেখা মিলল।
বারিধারা ডিওএইচএস থেকে সপরিবারে এসেছেন গীতিকবি আসিফ ইকবাল। জানালেন, প্রতিবছরই রমজানে একবার হলেও আসেন পুরান ঢাকায় সেহির খেতে। ছেলেমেয়েদেরও বায়না থাকে, এখানে একবারের জন্য হলেও আসা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোসনে আরা এসেছেন নর্থ সাউথ রোডের আল রাজ্জাক রেস্তোরাঁয়। বললেন, ‘আমার কর্মক্ষেত্র পুরান ঢাকায় হলেও থাকি ইস্কাটনে। এ কারণে এখানকার বিখ্যাত রেস্তোরাঁগুলোতে আসা হয় না। এখন রাস্তাঘাট খালি, পরিবারের সবাইকে নিয়ে চলে এসেছি সেহির খেতে।’
পাশেই ছিলেন লেখক-স্থপতি শাকুর মজিদ। বললেন, ‘আমি এমনিতে ভোজনরসিক মানুষ। আর রসনায় পুরান ঢাকার রেস্তোরাঁগুলোর তুলনা নেই। তাই বন্ধুরা মিলে যখন পরিকল্পনা হলো একসঙ্গে সেহির খাওয়ার, আমি এখানকার রেস্তোরাঁর কথাই সবাইকে বলেছি।’
শুধু রেস্তোরাঁকেন্দ্রিক নয়, উৎসবমুখর পরিবেশ দেখা গেল ওয়ারী, সদরঘাট, লক্ষ্মীবাজার ও টিকাটুলী এলাকায়। রাত তখন সাড়ে ১২টা। ওয়ারীর র্যাংকিন স্ট্রিটে তখনো লেগে আছে যানজট। গাড়ির হর্ন, হকারের ডাকাডাকি। অভিজাত পোশাকপ্রতিষ্ঠানের বড় বিপণিকেন্দ্র ছাড়াও রাস্তার দুই পাশের সব দোকানেই তখন বাতি জ্বলছিল। বস্ত্র প্রকৌশলী তৌহিদুল ইসলাম সস্ত্রীক এসেছেন স্বামীবাগ থেকে। বললেন, ‘তারাবির নামাজ আদায় করে অনেক রাতে মার্কেটে আসাটা আমাদের পারিবারিক রীতি। এ সময়টায় এলে একটু সময় নিয়ে পছন্দসই জামাকাপড় কেনা যায়।’
ইডেন কলেজের শিক্ষার্থী সিগমা এষা জানালেন, ‘বেইলি রোড ঘুরে এসে মনে হয়েছে, ওয়ারীর দোকানগুলো একটু ঘুরে না এলেই নয়।’ ওয়্যার স্ট্রিটের ফেমাস টেইলার্সের আমজাদ হোসেন জানালেন, প্রথম রোজা থেকে তাঁদের প্রতিষ্ঠানে সারা রাত কাজ হয়। তিনি বলেন, ‘কাজ সেরে ভোরে বাসায় ফিরতে সমস্যা হয় না। তখন রাস্তায় আরামে চলাচল করা যায়।’
ওয়ারী থেকে পায়ে হাঁটার দূরত্ব টিকাটুলী। রাত একটায় সেখানে দেখা গেল রাজধানী মার্কেটের সামনে মানুষের ভিড়; যানজট তো আছেই। ট্রাফিক পুলিশের একজন কনস্টেবল জানালেন, এত রাতে এমন ভিড় সামলাতে গিয়ে মাথা ঠিক রাখা যায় না। গাড়ির চাপ আছে, তার ওপর রাস্তা পারাপারে ব্যস্ত মার্কেটগামীদের ভিড়।
রাজধানী মার্কেটের নীলা ক্লথ স্টোরের শামসুল হক মৃধা জানালেন, আসছে ঈদ। এখন মধ্যরাত পর্যন্ত বেচাকেনা চলছে। কয়েক দিন পর ভোর পর্যন্ত দোকান খোলা রাখতে হবে। টিকাটুলী মোড়ে তখনো ছিল বেশ কিছু রিকশার উপস্থিতি।
মধ্যরাতে ভিড় দেখা গেছে গেন্ডারিয়া ধূপখোলা মার্কেটের আশপাশের এলাকায়। সদরঘাটের চিত্রও ছিল আরও জমজমাট। অপেক্ষাকৃত নিম্ন আয়ের লোকজনের উপস্থিতি এখানে।
ঐতিহ্য তো আছেই, পাশাপাশি পুরান ঢাকা ঘনবসতিপূর্ণ হওয়ায় উৎসব-পার্বণে এখানে রাজধানীর অন্য এলাকার তুলনায় বেশি জমজমাট থাকে। পাশাপাশি স্থানীয় রেস্তোরাঁগুলো রন্ধনে সিদ্ধহস্ত হওয়ায় বরাবরই পুরান ঢাকার প্রতি মানুষের আগ্রহটা বেশি।