‘১৫ রোজার পর বিপণিবিতান সারা রাত খোলা থাকবে’ শিরোনামে গতকাল সোমবার প্রথম আলোতে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি—ডিপিডিসি। সংস্থাটি বলেছে, দোকান মালিক সমিতির পক্ষ থেকে এ ধরনের আশাবাদ ব্যক্ত করা হয়েছিল। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি।গতকাল ডিপিডিসির ব্যাখ্যায় বলা হয়, গত ২২ আগস্ট বাংলাদেশ দোকান মালিক সমিতি ও ডিপিডিসির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকারের গৃহীত পদক্ষেপ এবং সরকারের নির্দেশনাগুলোর বহুল প্রচার করা। পাশাপাশি মার্কেটগুলোয় পিক আওয়ারে বিশেষ করে ইফতারের সময় থেকে তারাবির নামাজ পর্যন্ত অর্ধেক বাতি ব্যবহার, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ রাখা এবং মার্কারি বাতি ব্যবহার সম্পূর্ণ বন্ধ রাখা। একই সঙ্গে এ সংক্রান্ত নির্দেশনাগুলো সব দোকান মালিক ও বিপণিবিতান কর্তৃপক্ষকে জানানো। কিন্তু প্রকাশিত সংবাদে সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্য বিদ্যুৎ সাশ্রয় মুখ্য না হয়ে দোকান খোলা রাখার বিষয়টি মুখ্য হয়ে পড়ে। ফলে সংবাদ সম্মেলন নিয়ে এক ধরনের বিভ্রান্তির সৃষ্টি হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদ সম্মেলনে দোকান মালিক সমিতির পক্ষ থেকে বিগত বছরের মতো চলতি বছরেও ইতিবাচক সরকারি সিদ্ধান্ত পাওয়া যাবে মর্মে আশাবাদ ব্যক্ত করে ১৫ রোজার পর দোকানপাট খোলা রাখা হবে মর্মে তথ্য পরিবেশন করা হয়েছিল। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে অদ্যাবধি কোনো সিদ্ধান্ত প্রদান করা হয়নি।