সারাক্ষণ উপচে পড়ছে তরল বর্জ্য, ওয়ারীর সড়কটি আরও বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টি নেই, কিন্তু পানিতে সার্বক্ষণিক তলিয়ে থাকে সড়কটি। কারণ ঢাকা ওয়াসার ফেটে যাওয়া ড্রেনেজ লাইন থেকে অবিরত ময়লা পানি বেরোয়। সেই ময়লা পানির দুর্গন্ধময় পরিবেশে মাসের পর মাস বসবাস করছেন আশপাশের বহুতল ভবনগুলোর বাসিন্দারা। ময়লা পানি মাড়িয়ে চলাচলও করতে হয়। দৃশ্যটি ওয়ারীর র্যাঙ্কিন স্ট্রিটের।
ওয়ারীর র্যাঙ্কিন স্ট্রিটে ওয়ারী জামে মসজিদের বিপরীত দিকে হেলথ কেয়ার সেন্টারের কাছের এই সড়কটির বিষয়ে গত আগস্টে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এলাকাবাসীর আবেদনক্রমে স্থানীয় কাউন্সিলর প্রতিশ্রুতিও দিয়েছিলেন ড্রেনেজ লাইন ও রাস্তা মেরামতের। কিন্তু গত বৃহস্পতিবার এলাকায় গিয়ে দেখা যায়, আগের তুলনায় সড়কটির অবস্থা আরও শোচনীয়। ওই জায়গায় অনেক দিন ধরে র্যাঙ্কিন স্ট্রিট প্রধান সড়কের অংশ বিধ্বস্ত। পূর্ব দিকের গলিতে গিয়ে দেখা গেল, এটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। গলির মুখে নর্দমার ওপর স্ল্যাবগুলো ভেঙে আছে। এমন অবস্থা যে একটি মোটরসাইকেল ঢুকতে হলেও ঝুঁকি নিতে হবে। গলিতে ময়লা পানি জমে জমে চলার পথ ভেঙেচুড়ে গেছে। ছড়িয়ে আছে পয়োলাইনের পানিও। ম্যানহোলের ঢাকনা উপচে সার্বক্ষণিকভাবে বেরোচ্ছে তরল বর্জ্য। প্রতিদিন কেউ না কেউ দুর্ঘটনায় পড়ছে।
স্থানীয় বাসিন্দা লোকমান হোসেন বলেন, সবচেয়ে খারাপ লাগে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময়। বাসায় অজু করে ওই গলি ও সড়ক পেরিয়ে মসজিদে যেতে যেতে অজু নষ্ট হয়ে যায়। মসজিদে গিয়ে আবার অজু করতে হয়। বেশি সমস্যা হয় শুক্রবার জুমার নামাজ পড়তে গিয়ে।
স্থানীয় ৪১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার হাসান প্রথম আলোকে বলেছিলেন, যোগীনগরের একটি নর্দমা লাইন হেলথ কেয়ার সেন্টারের পাশের রাস্তায় ঢুকে পড়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। খুব শিগগির এই সমস্যার সমাধান করা হবে। সম্প্রতি কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সমস্যার কিছুটা সমাধান করা হয়েছিল, কিন্তু আবার আগের মতো হয়ে গেছে। ড্রেনেজ লাইনটি যেহেতু ঢাকা ওয়াসার, তাই ময়লা পানি উপচে পড়ার সমস্যা সমাধানের প্রধান দায়িত্বও তাদের।
ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলী এ কে এম শহীদউদ্দিন বলেন, ঠিক কী কারণে রাস্তায় ময়লা পানি জমে, আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে তা খতিয়ে দেখা হবে।