সারাহ সি. হোয়াইট: নারীর দৃষ্টিসন্ধানী
কৌতূহলোদ্দীপক শিরোনাম দেখেই মূলত সারাহ সি. হোয়াইটের বইটি হাতে তুলে নিয়েছিলাম। বইয়ের নাম আরগ্যুইং উইথ দ্য ক্রোকোডাইল: জেন্ডার অ্যান্ড ক্লাস ইন বাংলাদেশ। জেড বুক ও বাংলাদেশের ইউপিএল থেকে প্রকশিত হয়েছিল ১৯৯২ সালে। কুমিরের সঙ্গে তর্ক? কী বলতে চান লেখক? মনোযোগী হয়েছিলাম বইটির ব্যাপারে।
বাংলাদেশের একটি গ্রামে পরিচালিত গবেষণার পরিপ্রেক্ষিতে লেখা এই বইয়ের মূল প্রতিপাদ্য গ্রামীণ প্রেক্ষাপটে শ্রেণী, সংস্কৃতি, লিঙ্গ ও নারীর ক্ষমতায়নের পারস্পরিক সম্পর্ক। তিনি বাংলাদেশে পরিচালিত নানা উন্নয়ন কর্মকাণ্ডকে নারীর দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করেছেন। প্রচলিত উন্নয়ন কর্মকাণ্ডের সমালোচনা করে এই তর্ক তুলেছেন যে বিরাজমান লিঙ্গ সম্পর্ককে বিবেচনায় না রেখে কোনো রকম উন্নয়ন কর্মকাণ্ডই ফলপ্রসূ হতে পারে না। তিনি দেখিয়েছেন, একটি পুরুষ-আধিপত্যের পরিসরে নারীকে যতই উন্নয়ন কর্মকাণ্ডে নামিয়ে দেওয়া হোক না কেন, তা তার ক্ষমতায়নে বিশেষ ভূমিকা রাখে না। এই পরিপ্রেক্ষিতেই তিনি গ্রামে প্রচলিত ‘জলে নেমে কুমিরের সঙ্গে তর্ক’ প্রবাদটিকে প্রাসঙ্গিক করে তুলেছেন। বাস্তবতার যে নদী, সেখানে আধিপত্য কুমিরের, অর্থাৎ পুরুষের। সেই নদীতে নারীকে নামিয়ে দিলেই সে কতটা তর্ক চালিয়ে যেতে পারবে, তাতে ঘোর সন্দেহ থেকেই যায়। তাই তিনি তাঁর বইয়ে দাবি তুলেছেন—কী ধরনের উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে, সেটার দিকে নজর দেওয়ার আগে কী ধরনের লিঙ্গ সম্পর্কের প্রেক্ষাপটে এসব কর্মকাণ্ড হচ্ছে, সেটা নজরে আনা দরকার।
বাংলাদেশের উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের বিতর্ক নিয়ে পরবর্তীকালে আরও বিবিধ লেখাপত্র হয়েছে, কিন্তু সারাহ হোয়াইটের এ বই প্রাথমিক পর্যায়ের গুরুত্বপূর্ণ একটি কাজ হিসেবেই বিবেচিত। ব্রিটিশ নাগরিক সমাজবিজ্ঞানী সারাহ হোয়াইট ১৯৮০-র দশকের শেষের দিকে রাজশাহীর তানোর এলাকায় দীর্ঘদিন বসবাস করে তাঁর গবেষণাটি পরিচালিত করেন। সে গবেষণার ওপর ভিত্তি করেই তিনি বইটি লেখেন।
পরবর্তীকালে বাংলাদেশের জনপদের ওপর ধারাবাহিকভাবে আরও গবেষণা করেছেন সারাহ হোয়াইট। অগণিত প্রবন্ধ-নিবন্ধ লিখেছেন আন্তর্জাতিক জর্নালে। তবে তাঁর আগ্রহের জায়গাগুলো বদলেছে। তিনি বাংলাদেশে শিশুদের অবস্থার ওপর একাধিক গবেষণা-সন্দর্ভ লিখেছেন। বিশেষ কর শিশুশ্রম, উন্নয়নে শিশুর ভূমিকা। শিশুদের অধিকার নিয়েও তাঁর অনেক লেখা রয়েছে।
তিনি বাংলাদেশে বিবাহপ্রথার ওপরও কাজ করেছেন। গবেষণা করেছেন বাংলাদেশের বিবাহপ্রথার অর্থনৈতিক মাত্রা নিয়ে। এ দেশে বিয়ে, পরিবার ও ভালো থাকার সাংস্কৃতিক মাত্রাগুলো নিয়ে লিখেছেন। তাঁর সাম্প্রতিক কাজের বিষয় ধর্মের সঙ্গে উন্নয়ন, লিঙ্গ সম্পর্ক ও মানুষের ভালো থাকা না-থাকার সম্পর্ক। এ নিয়ে তিনি বাংলাদেশ, ভারত ও আফ্রিকার জাম্বিয়ায় গবেষণা করেছেন। বাংলাদেশে ধর্ম ও উন্নয়নের সম্পর্ক নিয়ে ইতিমধ্যে তিনি একাধিক প্রবন্ধও লিখেছেন আন্তর্জাতিক জর্নালে। সারাহ হোয়াইট বর্তমানে ব্রিটেনের বাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন।
শাহাদুজ্জামান: কথাসাহিত্যিক, চিকিৎসা-নৃবিজ্ঞানী