সারিয়াকান্দি আ.লীগে কোন্দল চরমে
বগুড়ার সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে স্থানীয় সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক পক্ষের বিরোধ চরম আকার ধারণ করেছে। স্থানীয় সাংসদ ২৪ ডিসেম্বর সম্মেলনের তারিখ ঘোষণা করায় উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটি তা স্থগিত করেছে।এই বিরোধকে কেন্দ্র করে উপজেলা কমিটি ১৭ ডিসেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আলমগীর শাহীকে অব্যাহতি দিয়েছে।দলীয় সূত্রে জানা গেছে, বগুড়া-১ আসন থেকে সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকে আবদুল মান্নানের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্য নেতাদের দূরত্ব বাড়তে থাকে। এর মধ্যে উপজেলা আওয়ামী লীগের নেতারা সম্মেলন করার প্রস্তুতি নেন। কিন্তু সাংসদের নির্দেশে তাঁর ব্যক্তিগত সহকারী ও আওয়ামী লীগের নেতা আলমগীর শাহী কোথাও কোথাও কমিটি গঠন করেন। এ কারণে ১৪ ডিসেম্বর আলমগীর শাহীকে তাঁর পদ থেকে কেন অব্যাহতি দেওয়া হবে না, তা জানতে চেয়ে চিঠি পাঠায় উপজেলা আওয়ামী লীগ। ১৬ ডিসেম্বর সেই চিঠির জবাব দেন আলমগীর শাহী।চিঠির জবাব অসৌজন্যমূলক হওয়ায় আলমগীর শাহীকে তাঁর পদ থেকে ১৭ ডিসেম্বর অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে তাঁকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য জেলা কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়। গত বৃহস্পতিবার আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় ২৪ ডিসেম্বরের সম্মেলন স্থগিত করা হয়। আলমগীর শাহী তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, উপজেলা কার্যকরী কমিটি তাঁর কাছে যে চিঠি দিয়েছিল, তার জবাব তিনি দিয়েছেন। কিন্তু তাঁরা কোনো সভা না করে তাঁকে অব্যাহতি দিয়েছেন।সাধারণ সম্পাদক আবদুর রশিদ বলেন, দলের সভাপতি ও সাধারণ সম্পাদককে বাদ দিয়েই বর্ধিত সভা করে সম্মেলনের তারিখ নির্ধারণ করে দিয়েছেন স্থানীয় সাংসদ আবদুল মান্নান। এটা তিনি করতে পারেন না। সাংসদ আবদুল মান্নান দাবি করেন, সভাপতি ও সাধারণ সম্পাদক সম্মেলন চান না। তাঁরা ছাড়া দলের সবাই সম্মেলনের পক্ষে। সভাপতির সই নিয়েই নির্বাচন কমিটি গঠন করা হয়েছে। তা ছাড়া সম্মেলনের তারিখ পরিবর্তন করতে চাইলে সভায় আসতে হবে। তাঁরা সভায় আসেন না। তিনি আরও বলেন, ‘আমি উপজেলা আওয়ামী লীগের কিছু না। তাই সম্মেলনের তারিখও আমি নির্ধারণ করিনি। তারা আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করেছে, তা ঠিক নয়।’