সারিয়াকান্দিতে আ.লীগে জটিলতা, বিএনপিতে স্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সারিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয় আওয়ামী লীগের বিভক্তি প্রকাশ্য রূপ ধারণ করেছে। আওয়ামী লীগের স্থানীয় সাংসদ আবদুল মান্নানের লোক হিসেবে পরিচিত আলমগীর শাহীকে প্রার্থী হিসেবে দল থেকেও সমর্থন দেওয়া হয়েছে। দলীয় এই সিদ্ধান্ত উপেক্ষা করে আওয়ামী লীগের আরও দুজন স্থানীয় নেতা নির্বাচনে প্রার্থী হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
তবে বিএনপি একক প্রার্থীকে সমর্থন দিয়ে স্বস্তিতে আছে।
উপজেলা নির্বাচন কার্যালয় থেকে জানা গেছে, এবার চেয়ারম্যান পদে এখান থেকে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগ সমর্থক তিনজন ও বিএনপির সমর্থক একজন। তাঁরা হলেন উপজেলা আওয়ামী লীগের কমিটির সদস্য ও বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহজাহান আলী, সাধারণ সম্পাদক আলমগীর শাহী ও সাবেক সভাপতি মুনজিল আলী সরকার এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সভাপতি মাছুদার রহমান।
আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা জানান, ৪০ বছর ধরে উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালনকারী প্রবীণ নেতা মুনজিল আলীকে গত দুই বছর আগে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তাঁর স্থলাভিষিক্ত হন স্থানীয় সাংসদ মান্নানের স্ত্রী সাহাদারা মান্নান। এর পর থেকেই স্থানীয় আওয়ামী লীগে বিভক্তি ছড়িয়ে পড়ে। শুধু তা-ই নয়, দলের ত্যাগী নেতাদের বাদ দিয়ে সাংসদের ব্যক্তিগত সহকারী আলমগীর শাহীকে করা হয় সাধারণ সম্পাদক। এ অবস্থায় দল অন্তত প্রবীণ নেতা মুনজিলকে চেয়ারম্যান পদে সমর্থন দিলে বিভক্তি কমত। কিন্তু তা না করে আলমগীরকে সমর্থন দেওয়ায় বিভক্তি প্রকাশ্যে চলে এসেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক দলের একাধিক নেতা জানান, প্রার্থী হিসেবে আলমগীরকে দলের সমর্থন দেওয়াটা ঠিক হয়নি। তিনি একটি হত্যা মামলার আসামি। ভোটারদের কাছে এর জন্য তো তাঁদেরই জবাবদিহি করতে হবে। এ অবস্থায় নেতা-কর্মীরা কতটা এ প্রার্থীর পক্ষে দাঁড়াবেন, তা অনিশ্চিত।
আওয়ামী লীগে যখন তিন বিদ্রোহী প্রার্থী নিয়ে জটিলতা, তখন বিএনপির নেতা-কর্মীরা বেশ খোশমেজাজেই আছেন। এবার চেয়ারম্যান পদে দলীয়ভাবে মাছুদারকে সমর্থন দেওয়ায় অন্যরা মনোনয়ন প্রত্যাহার করে নেন।
মুনজিল বলেন, ‘দলের বর্ধিত সভায় সাংসদ বলেন, আমি দলের কেউ নই। তাহলে তো আমি প্রার্থী হলে কারও কিছু যায় আসে না। আমি ৪০ বছর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও তার আগে ১০ বছর সম্পাদক ছিলাম। বহু নেতা-কর্মীই আমাকে ভালোবাসেন। তাঁরাই আমাকে বিজয়ী করবেন।’
আলমগীর শাহী বলেন, ‘দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষ আমার সঙ্গে আছেন। কেউ দলের বাইরে গিয়ে ভোট চাইলেই কাজ হবে না।’
তবে শাহজাহান বলেন, ‘গত পাঁচ বছর উপজেলাবাসীর পাশে ছিলাম। দল সমর্থন না দিলেও সাধারণ মানুষ আমাকেই ভোট দেবেন।’
মাছুদার রহমান জানান, দলের নেতা-কর্মী ও ভোটারদের ভালোবাসা নিয়ে তিনি নির্বাচনে বিজয়ের ব্যাপারে আশাবাদী।