সারিয়াকান্দিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জনের সিভিল জেল
আদালতের ডিক্রি জারি মামলায় দখল হস্তান্তরকাজে বাধা দেওয়ার দায়ে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ ছয়জনকে দেওয়ানি কারাগারে (সিভিল জেল) আটক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বগুড়ার সারিয়াকান্দির সহকারী জজ আহসান হাবিব গতকাল মঙ্গলবার এ আদেশ দেন।এর মধ্যে ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান আনোয়ারুত তারিককে ১৫ দিন এবং অন্য পাঁচজনকে ১০ দিন করে সিভিল জেলে আটক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যরা হলেন: খরু তরণী দাস, আকালু তরণী দাস, অরুণ দাস, বরুণ দাস ও বীণা রানী দাস।আদালত সূত্র জানায়, সারিয়াকান্দি উপজেলার চৌকিবাড়ী গ্রামের রমজান আলী প্রামাণিক একটি উচ্ছেদের মামলা করে আদালতের ডিক্রি পান। রমজান আলী ডিক্রিপ্রাপ্ত হয়ে আদালতে ডিক্রি জারি মামলা করেন। ২০১১ সালের ৪ সেপ্টেম্বর আদালত থেকে আইনজীবী, কমিশনার ও পুলিশ পাঠানো হয় ডিক্রিকৃত সম্পত্তি দখল নিতে। কিন্তু অভিযুক্ত ব্যক্তিরা এতে বাধা দেন। এরপর কমিশনার ও পুলিশ ফিরে আসে। এর পরিপ্রেক্ষিতে রমজান আলী আদালতে আবেদন করলে আদালত অভিযুক্ত ব্যক্তিদের কারণ দর্শাওয়ের নোটিশ দেন। পরে শুনানি শেষে গতকাল এ রায় দেওয়া হয়।