মাদক ব্যবসায়ীদের তথ্য দেওয়ায় হত্যাচেষ্টা
সারিয়াকান্দিতে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এসআই লাপাত্তা!
বগুড়ার সারিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) নয়ন কুমারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মাদক ব্যবসায়ীদের সম্পর্কে তথ্য দেওয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সোর্স শিহাব উদ্দিনকে মারধর ও হত্যাচেষ্টার মামলায় এসআই নয়ন কুমার ও তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে গত মঙ্গলবার বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আবু রায়হান এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
সারিয়াকান্দি থানার ওসি পরোয়ানা তামিলেরও নির্দেশ দিয়েছেন আদালত। তবে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকেই লাপাত্তা নয়ন কুমার। তাঁকে কর্মস্থলে পাওয়া যাচ্ছে না। অবশ্য ওসি সিরাজুল ইসলাম দাবি করেন, এসআই নয়ন মঙ্গলবার থেকে তিন দিনের ছুটিতে গেছেন। গ্রেপ্তারি পরোয়ানা এখনো হাতে পাননি, পেলে ব্যবস্থা নেওয়া হবে।
একই মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা অপর তিন ব্যক্তি হলেন উপজেলার আন্দরবাড়ি গ্রামের শাহাদুল, মোতালেব ও মন্ডলবাড়ি গ্রামের আপেল।
শিহাবের পরিবার সূত্রে জানা গেছে, শাহাদুল, মোতালেব ও আপেল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। এই মাদক ব্যবসায়ীদের সঙ্গে সখ্য রয়েছে এসআই নয়নের। প্রতি মাসে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ওই এসআই মাসোয়ারা তোলেন। ওই তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারে একাধিকবার অভিযান চালায় জেলা ডিবি পুলিশ। উপজেলার গোসাইবাড়ী গ্রামের শিহাবের দেওয়া তথ্যের ভিত্তিতেই ডিবি এই অভিযান চালিয়েছে এমন সন্দেহে মাদক ব্যবসায়ীরা গত ৪ মার্চ রাতে তাঁকে সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরি মাঠে ডেকে নেন। পরে এসআই নয়ন ও মাদক ব্যবসায়ীরা মিলে শিহাবকে রড দিয়ে বেদম মারধর করেন। এ সময় শিহাবকে কয়েকটি লাথিও মারেন নয়ন। অন্যরা ছুরিকাহত করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় শিহাবকে প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় শিহাবের বাবা সাইফুল ইসলাম বাদী হয়ে ১২ মার্চ বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আবু রায়হানের আদালতে এসআই নয়ন কুমার ও তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মারপিট ও হত্যাচেষ্টার মামলা করেন। বিচারক শুনানি শেষে তা বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। আদালতের নির্দেশে বগুড়ার বিচারিক হাকিম আহসান হাবীব ১৭ মার্চ সারিয়াকান্দিতে গিয়ে বিষয়টি সরেজমিনে তদন্ত করেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তিনি বগুড়ার তৃতীয় জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
প্রতিবেদনে বলা হয়, এসআই নয়নসহ চার আসামির বিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর আদালত অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ৬ জুলাই এই মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।