সারিয়াকান্দিতে ডাকাতের গুলি ও মারধরে আহত ৭
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় গত সোমবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। বন্দুকধারী ডাকাতেরা উপজেলার যমুনা চরের চরবাটিয়া গ্রামের সাতটি বাড়িতে হানা দেয়। এ সময় ডাকাতেরা ২৮টি গরু, টাকাসহ ১২ লক্ষাধিক টাকার মালামাল লুট করে। এ ছাড়া তাদের গুলি ও মারধরে সাতজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই দিন গভীর রাতে দুটি ইঞ্জিনচালিত নৌকাযোগে ৪০-৫০ জন অস্ত্রধারী ডাকাত চরবাটিয়ায় হানা দেয়। এরপর আতঙ্ক তৈরির জন্য বন্দুকধারী ডাকাতেরা পাঁচটি গুলি ছোড়ে। এরপর তারা ওই গ্রামের সাতজন কৃষকের বাড়িতে হানা দিয়ে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে। পরে তারা মারধর করে ওই ২৮টি গরু, টাকাপয়সা, দুটো মুঠোফোন সেট, মূল্যবান জিনিসসহ ১২ লক্ষাধিক টাকার মালামাল লুট করে। গ্রামবাসী বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতদের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় ডাকাতদের গুলিতে চরবাটিয়া গ্রামের আনারুল ইসলাম গুলিবিদ্ধ হন। এ ছাড়া তারা একই গ্রামের চান মিয়া, আয়তুল্লাহ প্রামানিক, আমিরুল, আমেনা বেগম, রওশন বেগম ও মোসলেম উদ্দিনকে কুপিয়ে আহত করে।