উজান থেকে নেমে আসা ঢলে যমুনা নদীতে পানিপ্রবাহ বেড়ে যাওয়ায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা স্পারের ৫০ মিটার এলাকা বৃহস্পতিবার রাতে ধসে গেছে। এ ছাড়া সারিয়াকান্দির অন্তারপাড়া এলাকা থেকে ধুনট উপজেলা পর্যন্ত যমুনা তীরবর্তী অঞ্চল এবং বাঁধ এলাকায় ভাঙন অব্যাহত রয়েছে।বগুড়ার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে তীব্র পানির চাপে চন্দনবাইশায় যমুনা নদীতে স্পারের মাথার উত্তর পাশের ৫০ মিটার এলাকা ধসে যায়। এতে ওই এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। গত বর্ষায় স্পারটি ক্ষতিগ্রস্ত হয়েছিল।এই স্পার মেরামতে প্রায় ছয় কোটি টাকার কাজ চলছে। রাতেই পাউবো ঠিকাদারের মাধ্যমে স্পারের ধস ঠেকাতে বালুভর্তি জিও ব্যাগ ফেলছে। গতকাল শুক্রবার দুপুর সোয়া ১২টায় এ ব্যাপারে পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী মোজাম্মেল হক বলেন, ৪৮ মিটার এলাকা ধসে যাওয়ার পর জরুরিভাবে এ ধস ঠেকানোর কাজ করা হচ্ছে। তিনি বলেন, পানির প্রবল চাপে এ ঘটনা ঘটেছে।