সারিয়াকান্দিতে বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভাঙনের হুমকির মুখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীর পানি গতকাল শনিবার সন্ধ্যায় বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার ওপর দিয়ে বয়ে যায়। এতে উপজেলার কর্নিবাড়ি থেকে চন্দনবাইশা পর্যন্ত প্রায় আট কিলোমিটার বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভাঙনের হুমকির মুখে পড়েছে। আতঙ্কে আছেন বাঁধে আশ্রয় নেওয়া মানুষেরা।
প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে গত অর্থবছরে নির্মাণকাজ শেষ হওয়া বাঁধটির অন্তত ১৫ স্থানে কিছু অংশ ধসে গেছে। এসব স্থানে এখন পানি চুইয়ে পড়ছে।
এ বিষয়ে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বগুড়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন প্রথম আলোকে বলেন, স্রোত ও ঢেউয়ের আঘাতে বিকল্প এই বাঁধ হুমকির মুখে পড়েছে। ধসে যাওয়ার আশঙ্কায় আগাম সতর্কতা হিসেবে বাঁধের কিছু অংশে পাইলিং করে বালুর বস্তা ফেলা হচ্ছে। তিনি আরও বলেন, ২৪ ঘণ্টায় যমুনার পানি ৫ সেন্টিমিটার কমে গতকাল শনিবার সন্ধ্যা ছয়টায় বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
জেলা ত্রাণ কার্যালয়ের তথ্যানুযায়ী, ৪ জুলাই থেকে উপজেলায় বন্যা পরিস্থিতি বিরাজ করছে। এখন পর্যন্ত উপজেলার ১১টি ইউনিয়নের ৯০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এ ছাড়া সোনাতলা উপজেলার পাঁচটি ইউনিয়নের ২০ হাজার এবং ধুনটে ১১ হাজার মানুষ পানিবন্দী রয়েছে।
ত্রাণ কার্যালয়ের তথ্যানুযায়ী, শ্রেণিকক্ষ প্লাবিত হওয়ায় দুর্গত এলাকার ১০৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। এর মধ্যে সারিয়াকান্দি উপজেলায় ৬৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৭০টি, সোনাতলায় ১৫টি ও ধুনটে ১৮ শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
গতকাল সারিয়াকান্দি উপজেলার দুর্গত এলাকা ঘুরে দেখা গেছে, বসতবাড়ি বুকপানিতে ডুবে আছে। কর্নিবাড়ি থেকে কামালপুর পর্যন্ত প্রায় আট কিলোমিটার বন্যানিয়ন্ত্রণ বাঁধে বন্যার্ত মানুষেরা আশ্রয় নিয়েছেন। প্রায় এক মাস ধরে ওই বাঁধে অন্তত ২ হাজার পরিবার উঠেছে। তাদের সঙ্গে গবাদিপশুও রয়েছে।
ঘুঘুমারি গ্রামের মোজাম মিয়া বলেন, চাল-ডাল নেই। দুশ্চিন্তায় তাঁদের দিন কাটে। এদিকে নতুন বাঁধে ফাটল দেখা দিয়েছে। ধসের আশঙ্কা করছেন তাঁরা।
কুতুবপুর বাজারের একাধিক ব্যবসায়ী বলেন, বাঁধ ধসে গেলে বাজারের কয়েক শ দোকানপাট, তিনটি বিদ্যালয়সহ কয়েকটি গ্রাম স্রোতের তোড়ে ভেসে যাবে।
এ ছাড়া রোহদহ এলাকায় পুরোনো বাঁধেও বেশ কিছু পরিবার আশ্রয় নিয়েছে। সেখানে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট চলছে। দুর্গত মানুষেরা বলছেন, সরকারিভাবে ত্রাণ দেওয়া হচ্ছে। তবে প্রয়োজনের তুলনা তা খুবই কম। তা ছাড়া, ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগও পাওয়া গেছে।
রোহদহ এলাকায় বাঁধে আশ্রয় নেওয়া রাহেলা বেওয়া বলেন, যাঁরা ত্রাণ পাচ্ছেন, তাঁরা বারবার পাচ্ছেন। কেউ কেউ একবারও পাচ্ছেন না।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. খোরশেদ আলম বলেন, এ পর্যন্ত সারিয়াকান্দি উপজেলায় দুর্গত মানুষের জন্য ১৫৫ মেট্রিক টন চাল, ৫০ হাজার টাকা ও ১ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া সোনাতলায় ৮০ মেট্রিক টন চাল ও ৫০ হাজার টাকা, ৩০০ প্যাকেট শুকনো খাবার; ধুনট উপজেলায় ৭০ মেট্রিক টন চাল ও ৩০০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে।