সারিয়াকান্দিতে যমুনায় ভয়াবহ ভাঙন
বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই যমুনা নদীর পানি হু হু করে বাড়ছে। পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে যমুনার তীরবর্তী এলাকায় শুরু হয়েছে ব্যাপক ভাঙন৷ গত ১৫ দিন ধরে যমুনার প্রবল স্রোতে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নিজকর্ণীবাড়ির ধলিরকান্দি গ্রাম চন্দনবাইশা পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকায় ভাঙনে আবাদি জমি, বসতভিটা, কবরস্থান ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ লোকালয় নদীগর্ভে বিলীন হয়েছে।
ভাঙন-আতঙ্কে কয়েক শ পরিবার বসতবাড়ি অন্যত্র সরিয়ে নেওয়ায় তারা অনেকটা গৃহহীন হয়ে পড়েছে। ভাঙনের তীব্রতা ধেয়ে আসায় চন্দনবাইশার ঘুঘুমারী ডাকবাংলোপাড়া বর্ষার আগেই মানচিত্র থেকে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে নদীপারের মানুষ উদ্বেগ-উৎকণ্ঠায় নির্ঘুম রাত কাটাচ্ছে।
যমুনার ভাঙনরোধে সরকারি তৎপরতার বিষয়টি জানতে চাইলে বগুড়ার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম সরকার প্রথম আলোকে জানান, যমুনার ভাঙন মোকাবিলায় নদীতীর সংরক্ষণ প্রকল্পে অনেক আগেই ২৩৫ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। সম্প্রতি ওই প্রকল্পে অর্থ বরাদ্দ চেয়ে নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে তাগাদাপত্রও দেওয়া হয়েছে। ওই বরাদ্দ এলেই ভাঙন ঠেকানোর কাজ শুরু করা হবে।
গত বৃহস্পতিবার সকালে সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা তালুকদারপাড়া ও ঘুঘুমারী ডাকবাংলোপাড়ায় যমুনাপারে গিয়ে দেখা যায়, পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্রতি মুহূর্তেই যমুনা ভাঙছে। ইতিমধ্যেই চন্দনবাইশা তালুকদারপাড়ার পুরোটাই বিলীন হয়ে গেছে৷
ঘুঘুমারী ডাকবাংলো সড়কে আশ্রয় নেওয়া কৃষক নুরুল ইসলাম জানান, গত ১৫ দিনের ভাঙনে যমুনা প্রায় আধা কিলোমিটার পশ্চিম দিকে ধেয়ে এসেছে। ভাঙনের ভয়াবহতার কারণে কয়েক শ পরিবার বসতবাড়ি সরিয়ে নিয়েছে। নদীপারের মানুষের মধ্যে দিন-রাত ভাঙন-আতঙ্ক বিরাজ করছে।
ঘুঘুমারী ডাকবাংলোপাড়ার বাসিন্দা দুলাল প্রমাণিক বলেন, গত দুই বর্ষায় চোখের সামনে চন্দনবাইশা যমুনার বুকে বিলীন হয়ে গেল। শহরের মতো জমজমাট জনপদ মানচিত্র থেকে নিশ্চিহ্ন হয়ে গেল। শত বছরের পুরোনো নওখিলা পিএন পাইলট উচ্চবিদ্যালয়, চন্দনবাইশা ডিগ্রি কলেজ, চন্দনবাইশা মাদ্রাসা, মসজিদ, বাজারঘাট, বন্দর, প্রাথমিক বিদ্যালয়, ডাকঘর, ইউনিয়ন পরিষদ ভবন, পাকা সড়ক—সবই গ্রাস করল যমুনা। চন্দনবাইশা তালুকদারপাড়া, হিন্দুপাড়ার শত শত ঘরবাড়ি চোখের সামনে যমুনা গ্রাস করল। বাপ-দাদার কবর, ভিটেমাটি—সবই নাই হয়ে গেল। যেভাবে নদী হু হু করে ভাঙছে, তাতে এই বর্ষা আসতে না আসতে চন্দনবাইশার অবশিষ্ট অংশ মানচিত্র থেকে হারিয়ে যাবে।
ধলিরকান্দি বাঁধে আশ্রিত বৃদ্ধ আজাহার আলী সরকার আবেগাপ্লুত হয়ে বলেন, দফায় দফায় নদীভাঙনে পৈতৃক ভিটা, জায়গাজমি, সহায়-সম্বল—সবই হারিয়ে বাঁধে আশ্রয় নিয়েছি। কিন্তু শেষ আশ্রয়স্থল এই বাঁধও এখন হুমকির মুখে। এখন পরিবার-পরিজন নিয়ে কোথায় আশ্রয় নেব, ভেবে পাচ্ছি না।