সারিয়াকান্দিতে স্পারে ধস, ধুনটে বাঁধে ভাঙন
বগুড়ার ধুনটের আটাচর এলাকায় বন্যানিয়ন্ত্রণ পুরোনো বাঁধ ভেঙে চারটি গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামের প্রায় এক হাজার পরিবার শহড়াবাড়ি স্পার ও বন্যানিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে। আর যমুনার স্রোতের তীব্রতায় সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশায় একটি স্পারের ৩০ মিটার ধসে গেছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বগুড়া কার্যালয় সূত্রে জানা গেছে, পাহাড়ি ঢলের কারণে গত কয়েক দিন ধরে যমুনার পানি বাড়ায় ব্যাপক নদীভাঙন শুরু হয়েছে। গত মঙ্গলবার সকাল ছয়টার দিকে ধুনটের ভান্ডারবাড়ী ইউনিয়নের আটাচর বন্যানিয়ন্ত্রণ পুরোনো বাঁধের প্রায় ২০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে যায়। বাঁধের ভাঙা স্থান দিয়ে পানি ঢুকে নতুন বাঁধের ভেতরে অবস্থিত শহড়াবাড়ি, চুনিয়াপাড়া, আটাচর ও বালিয়াহাটা গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামের প্রায় এক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বাড়িঘরে পানি ঢোকায় লোকজন ইউনিয়নের শহড়াবাড়ি স্পার ও বন্যানিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে। ধুনটে যমুনার পানি বিপৎসীমার সাত সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।এদিকে বন্যানিয়ন্ত্রণ বাঁধ রক্ষায় নির্মিত শহড়াবাড়ি স্পার যমুনার ভাঙনের হুমকির মুখে পড়েছে। গত কয়েক দিনের ভাঙনে শহড়াবাড়ি স্পারের ৮০ মিটার নদীগর্ভে বিলীন হয়েছে। পাউবো ব্লক ও বালুভর্তি জিও ব্যাগ ফেলে স্পার রক্ষার চেষ্টা চালাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড ও বগুড়ার উপবিভাগীয় প্রকৌশলী জহুরুল হক বলেন, ‘আটাচর পুরোনো বন্যানিয়ন্ত্রণ বাঁধ রক্ষায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে ওই বাঁধের পেছনে আগেই একটি বাঁধ নির্মাণ করা হয়েছিল। সেটি রক্ষায় আমরা কাজ করছি।’এদিকে যমুনার পানির তীব্র স্রোতে গত মঙ্গলবার সকালে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশায় একটি স্পারের ৩০ মিটার ধসে গেছে। খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা, সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিজিৎ রায় ও উপজেলা চেয়ারম্যান শাজাহান আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। পাউবো, বগুড়ার নির্বাহী প্রকৌশলী মমতাজ উদ্দিন জানান, স্পারটি রক্ষায় সেখানে সিসি ব্লক ও বালুর বস্তা ফেলা হচ্ছে। তিনি জানান, নদীতে ঘূর্ণিপাকের কারণে স্পারটি ধসে গেছে।