সারিয়াকান্দিতে ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠান প্লাবিত
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্যায় প্লাবিত হয়ে গেছে। এর মধ্যে ৬২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই থেকে তিন সপ্তাহ ধরে পড়াশোনা বন্ধ থাকায় ১০ হাজার শিক্ষার্থীর ক্ষতি হচ্ছে।
সারিয়াকান্দি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল আলম বলেন, বন্যায় শ্রেণিকক্ষ প্লাবিত হওয়ায় উপজেলার ৬২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা বন্ধ। এতে সাত হাজারের বেশি শিক্ষার্থীর পড়াশোনার ক্ষতি হচ্ছে। এসব বিদ্যালয়ে আবার ক্লাস শুরু করতে হলে বন্যার পানি পুরোপুরি নেমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আবার বন্যায় বিদ্যালয় ভবনের ক্ষতি হলে কিছু বিদ্যালয় সংস্কার করতে হবে। তখন পানি নেমে গেলেও ক্লাস শুরু হবে না। অন্যদিকে, বন্যায় উপজেলার সাতটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসায় পাঠদান বন্ধ থাকায় প্রায় তিন হাজার শিক্ষার্থী বিপাকে পড়েছে।
সরেজমিনে কয়েকটি বিদ্যালয় ঘুরে দেখা গেছে, এবারের বন্যায় শুধু বিদ্যালয়ের ভবন ছাড়াও চেয়ার-টেবিল ও বেঞ্চেরও অনেক ক্ষতি হয়েছে। বিদ্যালয়গুলোর দপ্তরে থাকা কাগজপত্রও নষ্ট হয়ে যাচ্ছে।
কড়ইতলা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী হেদায়েত হোসেন বলে, ‘রোহদহ আকন্দপাড়ায় বাবা-মার সঙ্গে থাকি। এক মাস ধরে বসতবাড়িতে পানি। সে সঙ্গে পড়াশোনাও বন্ধ।’
রোহদহ আকন্দপাড়ার কলেজছাত্রী মল্লিকা আকতার বলে, বসতবাড়িতে বুকপানি। এক মাস ধরে বাড়ির উঠানে মাচা বানিয়ে বাবা-মায়ের সঙ্গে থাকছে। এখন বাঁধে আশ্রয় নিয়েছে। বই-খাতা সব পানিতে ভিজে গেছে। এখন পড়াশোনা বন্ধ।
বন্যায় ক্ষতিগ্রস্ত বিদ্যালয়ের শিক্ষকেরা বলে, গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত বিদ্যালয়গুলোর ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই আবার বন্যার কবলে পড়েছে তাদের বিদ্যালয়গুলো। অনেক বিদ্যালয়ে এখনো আগের বন্যার সংস্কারের বরাদ্দই মেলেনি। দুবারের বন্যায় এখানকার বিদ্যালয়গুলোর অনেক ক্ষতি হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের বন্যায় উপজেলার ৮০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দেড় কোটি টাকার অবকাঠামোগত ক্ষতি হয়েছিল। একটি বিদ্যালয় নদীগর্ভে বিলীন হয় যায়। এর বাইরে উপজেলার আটটি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে আরও অর্ধকোটি টাকার ক্ষতি হয়।
বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসেন আলী বলেন, এ বছরের বন্যায় শুধু সারিয়াকান্দি উপজেলাতেই ৬২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্যার কবলে পড়েছে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে, সেটা জানতে আরও সময় লাগবে। আর নদীতে বিলীন হয়ে গেছে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। কিন্তু তিনি এ বিদ্যালয় দুটির নাম বলতে পারেননি।
বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. খোরশেদ আলম বলেন, বন্যায় সারিয়াকান্দি উপজেলার ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠানসহ জেলাজুড়ে ১০৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা বন্ধ রয়েছে।